ভাটারা ও হাজারীবাগে দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাটারা ও হাজারীবাগে শনিবার রাতে দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন আমেনা বেগম (২৯) ও তন্দ্রা রানী সাহা (৩৫)। তাঁদের মরদেহ ময়নাতদন্ত শেষে গতকাল রোববার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমেনা বেগমের ভাই শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, নিজে পছন্দ করে আট বছর আগে সাইফুল ইসলামকে বিয়ে করেন আমেনা। স্বামীর সঙ্গে ভাটারার নয়াবাড়িতে থাকতেন। সন্তান নেওয়াকে কেন্দ্র করে তাঁদের সম্পর্কে জটিলতা দেখা দেয়। দুই বছর আগে চিকিৎসকের মাধ্যমে সাইফুল জানতে পারেন তাঁর স্ত্রী গর্ভধারণে অক্ষম। এরপর সাইফুল অন্য নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন।
আমেনার মামাতো বোন ঝর্ণা খাতুনের অভিযোগ, সাইফুল আমেনার সঙ্গে ঠিকমতো কথা বলতেন না, নিয়মিত বাসায় ফিরতেন না। সারা দিন একা বাসায় থাকতেন আমেনা। একদিকে সন্তান না হওয়া, অন্যদিকে স্বামীর অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। একপর্যায়ে শনিবার রাত সাড়ে আটটার দিকে নয়াবাড়ির ভাড়া বাসায় রশি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেন। সাইফুল বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন বলে তিনি জানান।
ভাটারা থানার উপপরিদর্শক আবুল ওয়ারেছ বলেন, খবর পেয়ে শনিবার রাত ১১টার দিকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে মনে হয়েছে তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।
অন্যদিকে শনিবার দিবাগত রাত একটার দিকে তন্দ্রা রানী সাহাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর স্বামী সুজন কুমার সাহা রাজধানীর চাঁদনীচক মার্কেটের একটি ইমিটেশন জুয়েলারির দোকানে কাজ করেন। এই দম্পতির মাধ্যমিক পরীক্ষার্থী এক মেয়ে এবং ছয় বছরের এক ছেলে আছে।
সুজনের ভাতিজা মিঠুন সাহা বলেন, চাচার প্রতি মাসে আয় সাত-আট হাজার টাকা। হাজারীবাগে এক কামরার একটি ঘরে ছেলেমেয়ে নিয়ে থাকেন। আর্থিক সংকটের কারণে চাচির সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়া হতো। শনিবার রাতেও খাওয়া নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে চাচি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় চাচা, তাঁর মেয়ে বৃষ্টি সাহা (১৬) ও প্রতিবেশীরা মিলে দরজা ভেঙে চাচিকে শাওয়ারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনা নিশ্চিত করে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবুল আনছার বলেন, স্বামীর আর্থিক সংকটের কারণে মনোমালিন্য থেকে তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।