ভাটারার আনোয়ার খুনের অভিযোগে দম্পতি গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় দরজি আনোয়ার হোসেন হত্যায় জড়িত অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বরিশালের বাবুগঞ্জের নিজ বাড়ি থেকে সোহান শরীফ ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দরজি আনোয়ার একসময় গ্রেপ্তার হওয়া সোহানের স্ত্রীর শ্লীলতাহানি করেছিলেন। এর প্রতিশোধ নিতেই সোহান ও তাঁর স্ত্রী আনোয়ারকে গলা কেটে হত্যা করে লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন।
গতকাল বৃহস্পতিবার মিন্টো রোডের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া দম্পতি বলেছেন, নিহত আনোয়ার ও তাঁদের পরিবার শহীদ আবদুল আজিজ সড়কে পাশাপাশি বাসায় থাকতেন। আনোয়ার ও সোহান একটি টেইলার্স দোকানের কর্মচারী। ৬ জুন আনোয়ারের স্ত্রী বাসার বাইরে যান। এ সুযোগে আনোয়ার তাঁর সহকর্মী সোহানের বাসায় গিয়ে তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করেন। শুধু তা–ই নয়, তাঁকে হুমকি দিয়ে বলেন, এ কথা প্রকাশ করলে খুন করা হবে। পরে আনোয়ার দোকানে গেলে সোহান তাঁর কেনা আতরের সুগন্ধি পান আনোয়ারের পরনের কাপড়ে। এতে তাঁর সন্দেহ হয়। যুগ্ম কমিশনার বলেন, সোহান কর্মস্থল থেকে বাসায় ফিরলে তাঁর স্ত্রী জানান, আনোয়ার শ্লীলতাহানি করেছেন। এরপর স্বামী-স্ত্রী মিলে আনোয়ারকে হত্যা করে নিজেরা আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। ৯ জুন তাঁরা ইফতারের কথা বলে আনোয়ারকে তাঁদের বাসায় ডেকে নেন। এরপর তাঁকে খুন করে লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেন। পরে দুজন বাসা ছেড়ে পালিয়ে যান। পুলিশ সোহানের বাসা থেকে আনোয়ারের লাশ উদ্ধার করে।