প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ভাটারা থানার নুরেরচালা এলাকায় এক ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী জহিরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ভাটারা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে তিনজন লোক জহিরুলের দোকানে গিয়ে তাঁর ড্রয়ার থেকে টাকা দিতে বলে। কিন্তু তিনি না দেওয়ায় তারা তাঁর বাঁ পায়ের ঊরুতে গুলি করে। গুলিটি ঊরু ভেদ করে পায়ের গোড়ালিতে গিয়ে লাগে। এরপর তাঁর ড্রয়ার থেকে টাকা নিয়ে যায় তারা। তবে কত টাকা নিয়ে গেছে, তা এখনো জানা যায়নি। সাইফুল ইসলাম বলেন, মাসুদ এন্টারপ্রাইজ নামের দোকানটিতে জহিরুল আরেক ব্যক্তির সঙ্গে অংশীদারত্বে ব্যবসা করেন। তাঁর দোকানে ফ্লেক্সিলোড ছাড়াও বিকাশের টাকার লেনদেন হতো।