ভাটারায় দগ্ধ রুমা মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাটারায় আগুনে দগ্ধ হয়ে রুমা আক্তার (৩০) নামের এক নারী মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। মৃত্যুর আগে তিনি অভিযোগ করেন, বিয়ের স্বীকৃতি চাওয়ায় স্বামী আবু তাহের তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
তবে ভাটারা থানার পুলিশ বলেছে, রুমা আক্তার গত বৃহস্পতিবার রাতে ভাটারায় গিয়ে নিজে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছিলেন। আবু তাহেরের বিরুদ্ধে থানায় কেউ অভিযোগ না করায় তাঁকে আটক করা হয়নি।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকার সময় রুমা আক্তার প্রথম আলোকে বলেছিলেন, তিনি শেয়ার ব্যবসায়ী আবু তাহেরকে বিয়ে করেন পাঁচ বছর আগে। বিয়ের পর জানতে পারেন, তাহের আগেও বিয়ে করেছেন। বারবার বলার পরও তাঁকে তাহের নিজের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেননি। সম্প্রতি তাহেরের প্রথম স্ত্রী বাড্ডায় তাঁর (রুমা) বাসায় গিয়ে তাঁকে অপমান করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে (রুমা) ভাটারার বাসায় ডেকে নেন তাহের। সেখানে তাহের তাঁকে ওই বাড়ির গ্যারেজে মারধর করেন এবং গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ও পুলিশ এসে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, রুমার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল রাত ১০টার দিকে তিনি মারা যান।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ওমর কাইউম বলেন, তাঁরা জানতে পেরেছেন, রুমা তাহেরের বাসার সামনে গিয়ে নিজেই গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছেন। এ ব্যাপারে রুমার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ না করায় পুলিশ আইনি ব্যবস্থা নিতে পারছে না।