ভাটারায় পোশাক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাটারা থানার খিলবাড়িরটেকে গত বৃহস্পতিবার রাতে শামীম আহমেদ (৩৫) নামের এক পোশাক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যবসায়ী শামীমের ভাগনি কাকলি বেগম অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে খিলবাড়িরটেকের নামাপাড়ায় তাঁর মামা শামীম পাওনা ৫ লাখ টাকা চান মিজানুরের কাছে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মিজানুর ও তাঁর লোকেরা মামাকে বেধড়ক পেটান। অবস্থার অবনতি শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত একটায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কাকলী অভিযোগ করেন, তাঁর মামা পাওনা টাকা চাইতে গেলে মিজানুর বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিতেন।
পুলিশ বলেছে, শামীম ও মিজানুর কয়েক বছর আগে বাড্ডায় একটি পোশাক কারখানা চালু করেন। একপর্যায়ে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। এরপর শামীম আলাদা ব্যবসা শুরু করেন। টাকার লেনদেন নিয়ে দুজনের মধ্যে বিরোধ শুরু হয়।