রাজধানীর ভাটারা এলাকায় স্কুলছাত্রী ফারজানা আক্তার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। বিক্ষোভে এলাকাবাসীর সঙ্গে যোগ দেয় স্কুলের শিক্ষার্থীরাও।
গতকাল শুক্রবার সকালে এলাকাবাসী ভাটারা-নতুন বাজার সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষে ধাওয়া–পাল্টাধাওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ভাটারা-নতুন বাজার সড়কে এলাকাবাসী অবস্থান নেন। তাঁরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। ফারজানার ছবিসহ হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। একপর্যায়ে ভাটারা মসজিদ রোড থেকে বিক্ষোভকারীরা নতুন বাজার মূল সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এ সময় পুলিশ তাঁদের সড়ক থেকে সরে যেতে বললে সংঘর্ষ বাধে। একপর্যায়ে দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে নতুন বাজার সড়কের দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়।
ভাটারা থানার ওসি সরোয়ার আলম বলেন, সকালে পাঁচ শতাধিক বিক্ষোভকারী নতুন বাজারসংলগ্ন সড়ক অবরোধ করেন। এক ঘণ্টা পরও অবরোধ তুলে না নেওয়ায় কাঁদানে গ্যাস ছোড়া হয়।
ফারজানা ভাটারা এলাকার সোলমাইদ উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। পরিবারের সঙ্গে ভাটারার মসজিদ রোড এলাকায় থাকত সে। গত সোমবার বিকেলে বাসার পাশের দোকানে পেনসিল কিনতে যায় সে। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার দুপুরে তাদের বাসা থেকে আধা কিলোমিটার দূরে একটি ডোবার পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
ফারজানার শরীরে আঘাতের চিহ্ন ছিল। পুলিশের ধারণা, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
এ ঘটনায় অজ্ঞাতনামা লোকজনের বিরুদ্ধে ফারজানার বাবা ফারুক হোসেন মামলা করেন।
এদিকে গত দুই দিনে ফারজানা হত্যার ঘটনায় সৌরভ ও সালাম নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে ওসি বলেন, আটক দুজনকে আজ শনিবার আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে। জিজ্ঞাসাবাদ করে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হবে।