নোয়াখালীতে সিএনজিচালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে পৃথক দুটি ঘটনায় এক নারী যাত্রীকে লাঞ্ছিত এবং একজন চালককে মারধর করা হয়েছে। গতকাল বুধবার সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে চালকেরা অটোরিকশা চলাচল বন্ধ করে দেন।
গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলা শহরের মাইজদী, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় অটোরিকশা চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মাইজদী থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে এক নারী গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কালামিয়ার পোল এলাকায় যান। গন্তব্যে পৌঁছানোর পর চালকের সঙ্গে তাঁর ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে চালক ওই নারীর সঙ্গে অশোভন আচরণ করেন। এ সময় আশপাশের লোকজন ও স্থানীয় ব্যবসায়ীরা ওই নারীর পক্ষ নিয়ে চালককে গালমন্দ করেন। এরপর স্থানীয় লোকজন অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে সড়কে গাছের গুঁড়ি ফেলে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে প্রায় দুই ঘণ্টা পর পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে নেয়।
পুলিশ জানায়, ওই নারীর সঙ্গে বাগ্বিতণ্ডা হওয়ার কিছুক্ষণ পর একই স্থানে আরেক চালকের সঙ্গে ভাড়া নিয়ে অন্য এক যাত্রীর হাতাহাতি হয়। এ সময় আশপাশের লোকজন ওই অটোরিকশার চালককে মারধর করে। এ ঘটনার পর ওই সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করে দেন চালকেরা। কিন্তু ইজিবাইকের চালাকেরা যাত্রী পরিবহন অব্যাহত রাখলে চালকেরা দুটি ইজিবাইক ভাঙচুর করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।
অটোরিকশা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো. সেলিম বলেন, ভাড়াকে কেন্দ্র করে চালককে মারধর করার প্রতিবাদে চালকেরা সাময়িকভাবে অটোরিকশা বন্ধ রাখেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে সমস্যা তৈরি হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।