একটি পদের বিনিময়ে চাকরিপ্রার্থীর কাছ থেকে নেওয়া হয়েছে ১০ লাখ টাকা। এর ভেতর থেকে ভাড়া খাটতে আসা পরীক্ষার্থী পাবেন দুই লাখ টাকা। বাকি টাকা জালিয়াত চক্রের সদস্যরা ভাগ-বাঁটোয়ারা করে নেবেন।
এই চুক্তিতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ভাড়া খাটতে এসে গতকাল শুক্রবার রাজশাহীতে চার ভুয়া পরীক্ষার্থীসহ জালিয়াত চক্রের আট সদস্য র্যা বের হাতে গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার হওয়া ভুয়া পরীক্ষার্থীরা হলেন মাইদুল ইসলাম (২৪), সাইম আহমেদ (২৫), ওসমান গনি (২৫) ও নূর আলম (২৪)। মাইদুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার গাজী রহমানের ছেলে। সাইম আহমেদ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আবদুল গফুর মিয়ার ছেলে। এই দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের ছাত্র। ওসমান গনি চাঁদপুর সদরের জাফর তালুকদারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ছাত্র। আর নূর আলম ময়মনসিংহের ভালুকা উপজেলার আবদুল মালেকের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র।
গ্রেপ্তার জালিয়াত চক্রের সদস্যরা হলেন জাকির হোসেন (২৫), জাকির হোসাইন (২৫), আল-মামুন (২৭) ও মোস্তফা কামাল (২৯)। জাকির হোসেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার হাছিম উদ্দিনের ছেলে। তিনি ঢাকা কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র। জাকির হোসাইন লালমনিরহাটের আদিতমারী উপজেলার এলাহী রব্বানীর ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র। আল-মামুন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মঞ্জুর রহমানের ছেলে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র। মোস্তফা কামাল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোফাখ্খারুল ইসলামের ছেলে। তিনি ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি প্রকল্পের কর্মকর্তা।
আটক ব্যক্তিরা জানান, এই চক্রের মূল হোতা সোহেল রানা, তাঁর বাবার নাম জহুর আলী, বাড়ি ঠাকুরগাঁও। তিনি ঢাকার ফার্মগেটে জনতা ব্যাংক করপোরেট শাখায় কর্মরত আছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যা ব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম প্রেস ব্রিফিংয়ে জানান, এই চক্র একজন প্রার্থীর কাছ থেকে ন্যূনতম ১০ লাখ টাকা করে নেয়। এর মধ্যে ৫০ হাজার টাকা অফেরতযোগ্য এবং অবশিষ্ট টাকা প্রার্থী নির্বাচিত না হলে মূল প্রার্থীকে ফেরত দেওয়া হয়। অপর দিকে একজন মেধাবী ভুয়া পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার বিনিময়ে দুই লাখ টাকা দেওয়া হয়। এর মধ্যে ২০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয় এবং অবশিষ্ট ১ লাখ ৮০ হাজার টাকা পরীক্ষার্থী নির্বাচিত হলে দেওয়া হয়। এই জালিয়াত চক্রের স্বীকারোক্তির বরাত দিয়ে র্যা ব আরও জানায়, তারা ৮০ জন ভুয়া পরীক্ষার্থীকে এই পরীক্ষার জন্য নিয়োগ করেছেন।
গতকাল শুক্রবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ১৩৩টি পদের নিয়োগের পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় প্রায় ৪৭ হাজার পরীক্ষার্থী অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-৫, রাজশাহীর উপপরিচালক মেজর আবদুস সালামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে হাতেনাতে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত চক্রের চার সদস্য ও চারজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে। এ ছাড়া তারা তিনটি মাইক্রোবাস এবং পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু কাগজপত্র ও নগদ অর্থ উদ্ধার করেন।
অভিযানে ১২টি ভুয়া প্রবেশপত্র এবং নগদ ১ লাখ ১১ হাজার ৬৬০ টাকা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মামলা দায়ের এবং তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।