ভাড়ার চালান যাচাইয়ের নামে ট্রাক থামিয়ে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ট্রাকভাড়ার চালান যাচাইয়ের নামে জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। পৌর শহরের নবাবগঞ্জ সেতুর পশ্চিম পাশে সড়কে চেয়ার ফেলে ওই ইউনিয়নের রসিদ দিয়ে চাঁদা তুলছেন লাবলু ও জুয়েল নামের দুই তরুণ।
১৬ ও ১৮ আগস্ট এ প্রতিবেদক ঘটনাস্থলে গিয়ে ওই দুই তরুণকে চাঁদা আদায় করতে দেখেন। চাঁদা আদায়ের কারণ জানতে চাইলে তাঁরা বলেন, ‘এখানে আমাদের চাঁদা তোলার বৈধতা আছে।’ এরপর তাঁরা এই প্রতিবেদকের হাতে জয়পুরহাট জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মোশারফ স্বাক্ষরিত জেলা পুলিশ সুপার (এসপি) বরাবরে করা একটি আবেদনপত্র ধরিয়ে দেন। ট্রাকভাড়ার চালান যাচাইয়ের অনুমতি চেয়ে ওই আবেদনটি করা হয়। আবেদনে উল্লেখ করা হয়, সদর উপজেলার কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের সামনে, পুরানাপৈল, খঞ্জনপুর চৌরাস্তা এবং পাকার মাথাসহ পাঁচটি উপজেলার বিভিন্ন স্থানে ট্রাকভাড়ার চালান যাচাই করার কর্মসূচি পরিচালনা করা হবে। ওই আবেদনপত্রে চাঁদা আদায়সংক্রান্ত কোনো বিষয়ের উল্লেখ নেই।
চাঁদা আদায়কারী লাবলু ও জুয়েল বলেন, জেলা ট্রাক ও ট্যাংকলরি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক রসিদ বই দিয়ে প্রতিটি ট্রাক ও ট্রলি থেকে তাঁদের ২০ টাকা করে চাঁদা তুলতে বলেছেন। তাই তাঁরা রসিদের মাধ্যমে চাঁদা নিচ্ছেন। ট্রাকের চালান যাচাই করেছন কি না, জানতে চাইলে তাঁরা বলেন, তাঁরা শুধু চাঁদা তুলছেন। গোটা জেলাতেই এভাবে চাঁদা তোলা হচ্ছে।
ট্রলিচালক আবদুল কুদ্দুস বলেন, নবাবগঞ্জ সেতুর পশ্চিম পাশে গত সোমবার দুপুরে তাঁর ট্রলি আটকিয়ে জুয়েল ও লাবলু ২০ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ট্রলিটি প্রায় এক ঘণ্টা সড়কের ওপর আটকে রাখেন তাঁরা। পরে পুলিশ এলে তাঁরা ট্রলিটি ছেড়ে দেন। আবদুল কুদ্দুস অভিযোগ করে বলেন, ‘আমরা ট্রলিচালকেরা তো ওই সমিতির অন্তর্ভুক্ত নই। তাহলে আমরা কেন টাকা দেব৷’
‘নিরাপদ সড়ক চাই’-এর আক্কেলপুর কমিটির আহ্বায়ক সরদার নুরুনবী আরিফ বলেন, যেখানে চাঁদা আদায় করা হচ্ছে, সেখানে বিপজ্জনক মোড় রয়েছে। ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। পৌর শহরে যানবাহনে চাঁদাবাজি বন্ধের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনার, জয়পুরহাট জেলা প্রশাসক, এসপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চিঠি দেওয়া হয়েছে। কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি।
মুঠোফোনে যোগাযোগ করা হলে জয়পুরহাট জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি জিয়াউর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, জেলাব্যাপী ট্রাকভাড়ার চালান যাচাইয়ের কর্মসূচি চলছে। ইউনিয়নের শ্রমিকেরা ট্রাকভাড়ার চালান যাচাইয়ের কাজ করছেন। তাঁরা শ্রমিককল্যাণের জন্য প্রতি ট্রাক থেকে ২০ টাকা করে নিচ্ছেন। এই টাকা শ্রমিকদের কল্যাণে ব্যয় হবে।
এ ব্যাপারে গতকাল মঙ্গলবার জয়পুরহাটের এসপি হামিদুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে সংযোগটি কেটে দেন। আক্কেলপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আক্কেলপুরে ট্রাকভাড়ার চালান যাচাইয়ের নামে ট্রাক ও মেসি ট্রলি থেকে চাঁদা আদায় করার বিষয়ে গত সোমবার একটি অভিযোগ আসে। এরপর পুলিশ পাঠিয়ে তা বন্ধ করা হয়। পুনরায় এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।