ভাতা তুলছেন ২৬ 'ভুয়া মুক্তিযোদ্ধা'
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিজরুল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জনাব আলী মণ্ডল সম্প্রতি চাকরি থেকে অবসর নিয়েছেন। শিক্ষাগত যোগ্যতার সনদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বেতন-ভাতা উত্তোলনের নথি, নির্বাচন কমিশনের হালনাগাদ ভোটার তালিকা, জাতীয় পরিচয়পত্র—সবখানেই তাঁর নাম ‘জনাব আলী মণ্ডল’ উল্লেখ রয়েছে।
কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের নথিতে থাকা এই জনাব আলী মণ্ডলই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে বনে গেছেন ‘জয়নাল আবেদীন’। সেনাবাহিনীতে সিপাহি পদে চাকরির তথ্য দিয়ে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে সনদ হাতিয়েছেন। এই সনদের ভিত্তিতেই সরকারের দুটি গেজেটে (সাধারণ এবং বিশেষ-সেনাবাহিনী) মুক্তিযোদ্ধা হিসেবে নাম অন্তর্ভুক্তি করিয়েছেন। মন্ত্রণালয়ের হালনাগাদ ডেটাবেইসেও তাঁর নাম ‘জয়নাল আবেদীন’ উল্লেখ করা হয়েছে।
‘জনাব আলী মণ্ডল’ শিক্ষা মন্ত্রণালয় থেকে অবসরকালীন সুবিধা ভোগ করলেও ‘জয়নাল আবেদীন’ নামে ভোগ করছেন মুক্তিযোদ্ধার ভাতা। তবে নাম বদল হলেও গরমিল হয়নি জন্মতারিখ ও ঠিকানায়।
শুধু জনাব আলী মণ্ডল নন, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ২৬ জন যুদ্ধকালীন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশে চাকরির ভুয়া তথ্য দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে সনদ হাতিয়েছেন। তাঁদের মধ্যে ২৪ জন সেনাবাহিনীর বিশেষ গেজেটে নামভুক্তির মাধ্যমে ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধাও ভোগ করছেন।
নাম বদল করে দুই মন্ত্রণালয়ে আলাদা নামে সরকারি সুবিধা ভোগ করার ঘটনা অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে এসেছে, জনাব আলী মণ্ডল কখনোই সেনাবাহিনীতে ছিলেন না। একাত্তরের কোনো সময়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, এমনটাও জানা নেই এলাকাবাসীর। সরকারি বিভিন্ন দপ্তরে তিনি ২০০৩ সালের সেনাবাহিনীর বিশেষ গেজেটের যে অনুলিপি জমা দিয়েছেন, তার নম্বর ১৮৯২৭। ২০০৩ সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রকাশিত ওই বিশেষ গেজেটের মূল কপিতে দেখা গেছে, সেখানে যুদ্ধকালীন বগুড়া জেলার ৮৮ জন সেনাসদস্যের নাম ছাপা হলেও ‘জয়নাল আবেদীন’ বা ‘জনাব আলী মণ্ডল’ নামে কেউ নেই।
যোগাযোগ করা হলে জনাব আলী মণ্ডল সেনাবাহিনীতে চাকরি করেননি বলে স্বীকার করেছেন। তাঁর কাছে কোনো নিয়োগপত্রও নেই। তবে তিনি দাবি করেন, চাকরি না করলেও তিনি সেনাবাহিনীর সৈনিক হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তখন ভুলক্রমে তাঁর নাম জয়নাল আবেদীন লেখা হয়েছে এবং ওই নামেই তিনি সনদ পেয়েছেন।
ভুয়া মুক্তিযোদ্ধার তালিকায় সেনাবাহিনীর ২৪ জন হলেন: মো. হাবিবুর রহমান, আবদুস ছোবাহান, মো. ইকরাম হোসেন, মো. শাহজাহান মিয়া (প্রকৃত নাম শাহজামাল), মো. জয়নাল আবেদীন (প্রকৃত নাম জনাব আলী মণ্ডল), আবদুর রাজ্জাক, আজাহার আলী, জিতেন্দ্রনাথ গৌর, ইসমাইল হোসেন, আবদুল কাইয়ুম (প্রকৃত নাম আবদুল কাদের), নুরুজ্জামান, আফছার আলী শেখ, সোলায়মান আলী, ইমান আলী, আবদুস ছাত্তার, ইদ্রিস আলী, ধীরেন্দ্র, আবদুর রহমান, আনছার আলী, আবুল হোসেন (প্রকৃত নাম আবু বক্কর), আফসার আলী, তফির উদ্দীন, আনোয়ারুল ইসলাম ও ইয়াছিন আকরাম। এ ছাড়া পুলিশ সদস্য হিসেবে আকবর আলী এবং বিজিবির সদস্য হিসেবে (সাবেক বিডিআর) আবদুল হাই তালিকাভুক্ত হয়েছেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ওই ২৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল ও সরকারি ভাতা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন নন্দীগ্রামের যুদ্ধকালীন উপ-অধিনায়ক বদিউজ্জামান মন্টুসহ কয়েকজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়ার জেলা প্রশাসককে দুই দফা নির্দেশ দিয়েছেন।
বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ ধরনের চিঠি পাঠানো যদি হয়েই থাকে, তবে তা নন্দীগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির নিকট পাঠানো হয়েছে। সেনাবাহিনীর ভুয়া কাগজপত্র দাখিল করে কেউ মুক্তিযোদ্ধার সুযোগ-সুবিধা নিয়ে থাকলে তা তদন্ত করার দায়িত্ব উপজেলার ওই কমিটির।’
২০১৩ সালের সেপ্টেম্বরে বদিউজ্জামান মন্টু রাষ্ট্রপতির কাছে একটি লিখিত অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, নন্দীগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান অধিনায়ক হাবিবুর রহমান সিরাজগঞ্জের কাজীপুর ও বগুড়ার নন্দীগ্রাম—দুই উপজেলাতেই মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হয়ে অনৈতিকভাবে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন।
হাবিবুর রহমান দাবি করেন, তিনি সেনাবাহিনীতে যোগদান করে যুদ্ধকালীন ইস্টবেঙ্গল রেজিমেন্টের ৫ নম্বর সেক্টরে যুদ্ধ করে আহত হন। যুদ্ধ শেষে তিনি আর সেনাবাহিনীতে চাকরি করেননি। তবে সেনাবাহিনীর কোনো নিয়োগপত্র তিনি দেখাতে পারেননি।