ভাতা বন্ধ, দ্বারে দ্বারে ঘুরছেন তিন অসহায়
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নে এক নারীসহ তিনজন দুস্থ মানুষের বয়স্ক ও বিধবা ভাতা বন্ধের অভিযোগ পাওয়া গেছে। ভাতার জন্য এ তিনজন দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পাচ্ছেন না। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঘুষ নিয়ে তাঁদের বদলে অন্য তিনজনকে এ ভাতা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
ফুলছড়ি উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, এরেন্ডাবাড়ি ইউনিয়নের আলগারচর গ্রামের বাসিন্দা আফসার আলী (৭০)। তিনি ২০০৬ সালের ফেব্রুয়ারি থেকে বয়স্ক ভাতা পেতে শুরু করেন। কিন্তু ২০১২ সালের ডিসেম্বর মাস থেকে তাঁর ভাতা বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া ২০০৯ সালের জুলাই মাস থেকে বয়স্ক ভাতা পেতে শুরু করেন একই গ্রামের জামেলা বেওয়া (৬৫)। ২০১২ সাল থেকে তাঁর ভাতাও বন্ধ করে দেওয়া হয়। একই ইউনিয়নের হরিচণ্ডী গ্রামের লাইলি বেওয়া (৪৫) ২০০৮ সালের জুলাই থেকে বিধবা ভাতা পাচ্ছিলেন। অথচ চলতি বছরের জানুয়ারিতে তাঁর ভাতা বন্ধ হয়ে যায়।
নীতিমালা অনুযায়ী বয়স্ক ভাতা পাওয়ার ক্ষেত্রে পুরুষের ৬৫ বছর ও নারীর ৬২ বছরের ওপর বয়স হতে হবে। কোনো ব্যক্তির নামে বয়স্ক ভাতা চালুর পর আজীবন তিনি তা পাবেন। বিধবা ভাতার ক্ষেত্রেও একই নিয়ম। তবে ভাতাপ্রাপ্ত নারীর দ্বিতীয় বিয়ে হলে ভাতা বাতিল হবে। প্রতিজন মাসিক ৩০০ টাকা করে পাওয়ার কথা।
ভাতাবঞ্চিত আফসার আলী বলেন, ‘বাবা হামরা ট্যাকা পায়া ডালভাত খাব্যার পাচিনো, তিন বচর থাকি ট্যাকা পাইনে। অফিস্যাররা হামাক ট্যাকা দেওয়া বনদো করচে। কিসোক বনদো করচে হামরা জানি না।’
জামেলা বেওয়া বললেন, ‘হামাক আর সোরকার ট্যাকা দ্যায় না। ’ লাইলি বেওয়া বলেন, ‘ছয় মাস (জানুয়ারি মাস) আগোত ভাতার ট্যাকা তুলব্যার যায়া দেকি, হামার ভাতা বনদো। অফিস্যারের কাচে জানব্যার চানো, তাঈ কয় হামরা জানিনে। তকন থাকি ভাতার জন্নে অফিসারের কাচে ঘুরব্যার নাগচি।’
ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের (আলগারচর গ্রাম) সদস্য নাছির উদ্দিন অভিযোগ করেন, ‘নিয়ম অনুযায়ী এসব মানুষের আজীবন ভাতা পাওয়ার কথা। কিন্তু উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমার গ্রামের আফসার আলী ও জমেলা বেওয়ার ভাতা বন্ধ করে দিয়েছেন। তিনি মোটা অঙ্কের ঘুষ নিয়ে এ দুজনের পরিবর্তে অপর দুজনের নামে ভাতা বরাদ্দ করেছেন।’ একই ইউপির ৭ নম্বর ওয়ার্ডের (হরিচণ্ডী গ্রাম) সদস্য বদি উদ্দিন অভিযোগ করেন, ‘ওই কর্মকর্তা আমার গ্রামের লাইলি বেওয়ার ভাতা বন্ধ করে ঘুষ নিয়ে অন্যজনকে ভাতা দিচ্ছেন।’
এসব বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম আকরাম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ভুলবশত ওই তিনজনের ভাতা বন্ধ হয়েছে। ভুল সংশোধন করে শিগগিরই আবার তাঁদের ভাতা চালু করা হবে।