নীলফামারীর কিশোরগঞ্জ ও রংপুরের বদরগঞ্জ উপজেলায় ঘুষ নিয়ে পূজামণ্ডপে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েনের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার এই দুই উপজেলার আনসার-ভিডিপি সদস্যরা ঘুষের টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ করেছেন।
কিশোরগঞ্জের বেশ কয়েকজন আনসার-ভিডিপি সদস্য অভিযোগ করেন, পূজামণ্ডপে মোতায়েনের সময় উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তার কথা বলে ইউনিয়নের দলনেতারা প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা ঘুষ নেন। সে সময় ঘুষ গ্রহণকারীরা পূজার দায়িত্ব পালনে দুই হাজার ৩০০ থেকে দুই হাজার ৪০০ টাকা করে ভাতা দেওয়ার কথা বলেছিলেন। এখন প্রত্যেক পিসিকে (আনসারের দলনেতা) এক হাজার ৭৫০ টাকা ও সদস্যদের এক হাজার ৬০০ টাকা করে দেওয়া হচ্ছে। এ অবস্থায় তাঁরা রোববার সকালে ভিডিপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
আনসার-ভিডিপি সদস্য সাদেকা বেগম, রশিদুল ইসলাম, লাকী আক্তার ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সদস্য বলেন, তাঁরা গরিব মানুষ, টাকার জন্য রাত জেগে পূজায় দায়িত্ব পালন করেছেন। বেশি টাকা ভাতা দেওয়ার কথা বলে ইউনিয়নের দলনেতারা ৫০০ টাকা করে ঘুষ নিয়েছেন। এখন ভাতা কম দেওয়া হচ্ছে। ঘুষের টাকা ফেরত ও ঘুষ গ্রহণকারীদের বিচার চান তাঁরা।
এ ব্যাপারে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা রাজেন সরকার বলেন, ‘পূজায় নিয়োজিত আনসার সদস্যদের কাছ থেকে আমার কথা বলে টাকা নেওয়ার বিষয়টি জেনেছি। কিন্তু আমি কোনো টাকা নিইনি।’
কিশোরগঞ্জের ইউএনও সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বদরগঞ্জ আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১০ ইউনিয়নে ১১২টি পূজামণ্ডপে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় ১৫৭ জন দলনেতাসহ আনসারের ৬৬২ জন সদস্য।
আনসার সদস্যরা অভিযোগ করেন, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আবুল কালাম আজাদ আনসার দলনেতাদের মাধ্যমে আনসার সদস্যের কাছ থেকে ৫০০-৬০০ টাকা করে ঘুষ নিয়ে গত ৩০ সেপ্টেম্বর পূজামণ্ডপে নিরাপত্তাকর্মী হিসেবে তাঁদের মোতায়েন করেন। এ সময় আনসার সদস্যদের বলা হয়, ৪ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করার পর পাঁচ দিনের পারিশ্রমিক হিসেবে প্রত্যেককে দুই হাজার ৩০০ টাকা দেওয়া হবে। কিন্তু ৫ অক্টোবর সকালে উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে আনসার সদস্যদের এক হাজার ৬০০ টাকা করে দেওয়া শুরু করা হয়। এ সময় তাঁরা ক্ষিপ্ত হয়ে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাকে সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। তাঁরা ঘুষের টাকা ফেরত দেওয়ার দাবি জানান।
আনসার সদস্য শিবলী বেগম বলেন, ‘পারিশ্রমিক দেওয়ার কথা ছিল দুই হাজার ৩০০ টাকা। এখন তাঁরা দিচ্ছেন এক হাজার ৬০০ টাকা। বেশি টাকা পাওয়ার আশায় ৫০০ টাকা ঘুষ দিয়ে দায়িত্ব নিয়েছিলাম। আমরা ঘুষের টাকা ফেরত চাই।’ একই অভিযোগ করেন আনসার সদস্য রেজাউল করিম, আবু হাসান, আরেফা খাতুন, মুক্তা বেগম, আফসার আলী, হযরত আলীসহ অনেকে।
তবে আবুল কালাম আজাদ ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আনসার দলনেতারা ঘুষ নিয়ে থাকলে আমার কিছু করার নেই।’
ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘পুজামণ্ডপে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব দেওয়ার সময় আনসার সদস্যদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ আমিও শুনেছি। বিষয়টি দেখা হচ্ছে।’