ভাতাভোগী মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথিত মুক্তিযোদ্ধার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামের মিল থাকায় ঝালকাঠিতে এক ভাতাভোগী মুক্তিযোদ্ধাকে ভুয়া দাবি করে হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে কথিত মুক্তিযোদ্ধা সুলতান হোসেন মাঝি ৫ এপ্রিল স্থানীয় টেলিভিশন সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করেছেন। স্থানীয় কিছু পত্রিকায় তা গুরুত্ব সহকারে প্রকাশিত হয়।
সংবাদ সম্মেলনে সুলতান মাঝি দাবি করেন, ‘আমি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে কর্নেল এম এ জি ওসমানীর দেওয়া সনদ গ্রহণ করি। ২০০৫ সালে ভাতাভোগী মুক্তিযোদ্ধা তাঁর প্রতিবেশী সদর উপজেলার নেহালপুর গ্রামের সুলতান হোসেন দুয়ারি মুক্তিযোদ্ধার সনদ কেমন তা দেখতে চেয়ে আমার কাছ থেকে সনদটি নিয়ে নেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে তাঁর লোক আছে বলে ভাতার ব্যবস্থা করার লোভ দেখান। সেই থেকে সনদে আমার নামের জায়গায় তাঁর নাম জালিয়াতির মাধ্যমে সংযোজন করেন। আমার বাবার নাম সৈয়দ উদ্দিন, তাঁর বাবার নাম সৈয়দ আলী দুয়ারি। আমাদের দুজনের নাম ও বাবার নামের সাদৃশ্য থাকায় তিনি সহজেই জালিয়াতি করতে পেরেছেন। সেই থেকে আমাকে বঞ্চিত করে ভাতা উত্তোলন করছেন তিনি। মুক্তিবার্তায় আমার নাম রয়েছে। ২০১২ সালে আমি তাঁর বিরুদ্ধে ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারকের আদালতে একটি মামলা দায়ের করেছি। ওই মামলায় পুলিশের দেওয়া তদন্ত কমিটির রিপোর্ট আমার পক্ষে আছে।’
ওই সংবাদ সম্মেলনে কথিত মুক্তিযোদ্ধা তাঁর সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা সুলতান হোসেন দুয়ারি বলেন, ‘সুলতান মাঝির দাবি, ২০০৫ সালে তাঁর সনদ নিয়ে জালিয়াতি করেছি। কিন্তু ১৯৯৮ সালের মুক্তিবার্তায় নাম সংযোজনের জন্য থানা কমান্ডারের মাধ্যমে জমা দিই। ২০০৩ সালে গেজেটভুক্ত হওয়ার জন্য আবেদন করি। ২০০৫ সালে ৩৯৮ নম্বর বইয়ের মাধ্যমে গেজেটভুক্ত হয়ে ভাতা পাওয়া শুরু করি। আমার মুক্তিবার্তা নম্বর হচ্ছে ০৬০২০১০৬৮২। ২০১২ সালে সুলতান মাঝি আদালতে যে অভিযোগ করেছিল, তা ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম নুসরত জাহান অধিকতর তদন্ত ও শুনানি শেষে মামলাটি খারিজ করেন। এখানে জালিয়াতি বা অন্যের সনদ নিয়ে ভাতা উত্তোলনের অভিযোগের কোনো ভিত্তি নেই। বর্তমানে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই চলছে। এ সুযোগে একটি প্রতারক চক্র আমাকে হয়রানি করছে। আমার সনদের বিষয়ে মুক্তিযোদ্ধা জেলা কমান্ড অবগত আছে। মূলত জমি নিয়ে পূর্ব থেকেই সুলতান মাঝির সঙ্গে আমাদের পারিবারিক দ্বন্দ্ব চলছে।’
এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার দুলাল সাহা বলেন, ‘সুলতান হোসেন দুয়ারি প্রকৃত মুক্তিযোদ্ধা এবং ভাতাভোগী। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুলতান মাঝি যুদ্ধ করেছেন কি না, তা আমার জানা নেই।’