ভাতার কার্ড বিতরণে অতিরিক্ত অর্থ আদায়
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নে গত সোমবার থেকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাপ্রাপ্ত কার্ডধারীদের কাছ থেকে ব্যাংক খরচের নামে কার্ডপ্রতি অতিরিক্ত ৫০ টাকা আদায় করা হচ্ছে। ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা জাহানারা বেগম ওই টাকা তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ইউনিয়নে এক হাজার ৭৪ জন বয়স্ক, ১২৮ জন বিধবা ও ১৪৬ জন প্রতিবন্ধী ভাতা কার্ডধারী আছেন। কোন্ডা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার বৃদ্ধা কাউম বানু বলেন, ‘গত সোমবার আমার বয়স্ক ভাতার কার্ড নিতে আসলে চেয়ারম্যান অফিসের লোকজন জানায়, কোন্ডা ইউনিয়নের সমাজকর্মী জাহানারা বেগমকে ব্যাংকের জন্য ৫০ টাকা দিতে হবে। এরপর তাকে ৫০ টাকা পরিশোধ করলে সে আমাকে কার্ড দিয়ে আগামী সপ্তাহে বয়স্ক ভাতা নিতে আসতে বলে।’
একই এলাকার বাসিন্দা বৃদ্ধ সামসুল হক বলেন, তাঁর কার্ড নিতে এলে এক নারী জানান, কার্ড নিতে হলে টাকা দেওয়া লাগবে। এই টাকা ব্যাংকের জন্য লাগবে। না দিলে ব্যাংক টাকা দেবে না। তখন তিনি কোনো উপায় না দেখে তাঁকে ৫০ টাকা দেন।
অগ্রণী ব্যাংক চৌধুরীবাজার শাখার কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বয়স্ক ভাতা নেওয়ার জন্য ব্যাংক হিসাব খুলতে ১০ টাকা করে নেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে ব্রাহ্মণগাঁও এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করেন, কোন্ডা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হারুন, ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. কাউছার ও ইউনিয়ন পরিষদের কয়েকজন কর্মচারী জাহানারা বেগমের নির্দেশে ব্যাংকের টাকা জমা দেওয়ার নামে বেশির ভাগ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী কার্ডধারীদের কাছ থেকে টাকা আদায় করেন।
অভিযোগ অস্বীকার করে মো. কাউছার বলেন, ‘আমি কারও কাছ থেকে ব্যাংকের নামে টাকা আদায় করিনি। কারা টাকা আদায় করছে আমি বলতে পারব না।’
এ ব্যাপারে জাহানার বেগমের সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে চেষ্টা করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়।
কোন্ডা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ‘শুনেছি ব্যাংকের ডেটাবেইস আপডেট করার জন্য প্রত্যেকের কাছ থেকে ৫০ টাকা করে নেওয়া হচ্ছে। ইউনিয়ন সমাজকর্মীর নির্দেশেই এ টাকা আদায় করা হচ্ছে।’ তবে তাঁর জানামতে এ টাকা আদায়ে ইউনিয়ন পরিষদের কোনো সদস্য সম্পৃক্ত নন।
কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশরাফ প্রথম আলোকে বলেন, সমাজসেবা কর্মী অর্থ আদায় করছেন কি না, তা তাঁর জানা নেই। কে বা কারা ব্যাংকের নামে টাকা হাতিয়ে নিচ্ছে, সে বিষয়টি খতিয়ে দেখা হবে। এ কাজে যেই সম্পৃক্ত থাকুক না কেন তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।