ভাতার টাকা আত্মসাৎ?
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ৫৬ জন অসচ্ছল বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সোনালী ব্যাংক কর্মকর্তার যোগসাজশে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান এ ঘটনা ঘটিয়েছেন।
পাটগ্রাম উপজেলা সমাজসেবা কার্যালয় ও সোনালী ব্যাংক থেকে জানা যায়, দহগ্রাম ইউনিয়নে গত অর্থবছরে (২০১৩-১৪) নতুন ৫৬ জন অসচ্ছল ব্যক্তিকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ২৯ জন বয়স্ক, ২৪ জন বিধবা ও তিনজন প্রতিবন্ধী। তাঁদের তালিকা চূড়ান্ত করে চলতি বছরের জুলাই মাসে প্রথম ভাতা বিতরণ করা হয়।
এ জন্য পাটগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ানের স্বাক্ষরে ২৩ জুলাই সোনালী ব্যাংক থেকে টাকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী বয়স্ক ও বিধবাদের মাসে ৩০০ টাকা হিসাবে বছরে তিন হাজার ৬০০ টাকা এবং প্রতিবন্ধীদের মাসে ৩৫০ টাকা হিসাবে বছরে চার হাজার ২০০ টাকা করে দেওয়ার কথা।
কিন্তু পাটগ্রাম সমাজসেবা কার্যালয় ও সোনালী ব্যাংকের কর্মকর্তার যোগসাজশে ইউপি চেয়ারম্যান ২৭ জুলাই ব্যাংক থেকে ওই ৫৬ জনের ভাতার দুই লাখ তিন হাজার ৪০০ টাকা তোলেন।
২৮ জুলাই সরেজমিনে দহগ্রাম ইউনিয়ন ঘুরে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২৬ জুলাই গভীর রাতে হাবিবুর রহমান কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বয়স্ক ও বিধবাদের তিন হাজার ৬০০ টাকার স্থলে দুই হাজার এবং প্রতিবন্ধীদের চার হাজার ২০০ টাকার স্থলে তিন হাজার টাকা করে বিতরণ করেন। এতে মোট ৮৮ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করা হয়েছে।
২৪৯ নম্বর কার্ডধারী বঙ্গেরবাড়ী গ্রামের মালেকা বেওয়া বলেন, ‘হামার ভাতার টাকার জন্যে ব্যাংকোত যাবার নাগে নাই। গত শনিবার (২৬ জুলাই) চেয়ারম্যান দুজন মেম্বারোক সাথে নিয়ে রাতি ১১টার দিকে বাড়িত আসি দুই হাজার টাকা আর কার্ডটা দিছে। চেয়ারম্যান কইল, অফিস খরচের জন্য এক হাজার টাকা নাগছে আর ৬০০ টাকা ইফতারের জন্য হামরা নিচ্ছি। এতে তোমার কোন আপত্তি থাকলে টাকাটা ফেরত দেমো। এলা কনতো, হামার কিছু কবার আছে।’
হাবিবুর রহমান ব্যাংক থেকে টাকা পাওয়ার এক দিন আগেই (২৬ জুলাই) টাকা বিতরণের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, এ বিষয়ে কিছু জানতে চাইলে সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক ও সমাজসেবা অফিসের কর্মকর্তাদের কাছ থেকে জেনে নিন। তবে তিনি টাকা কম দেওয়ার বিষয়টি এড়িয়ে যান।
সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, এখন পর্যন্ত নতুন তালিকাভুক্ত সুফলভোগীদের ব্যাংক হিসাব খোলা হয়নি। অনেক কাজই বাকি রয়েছে। সুবিধাভোগীরা সশরীরে ব্যাংকে গিয়ে টাকা উত্তোলন করবেন, এটাই নিয়ম। তাই ব্যাংক থেকে কীভাবে তাঁদের টাকা দেওয়া হয়েছে, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন।
সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোসলেম উদ্দিন বলেন, সমাজসেবা কার্যালয় ও ইউপি চেয়ারম্যানের অনুরোধে ২৭ জুলাই ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুস ছাত্তার ওই ৫৬ জনের টাকা দিয়েছেন। বিষয়টি জানতে পেরে আমি সঙ্গে সঙ্গে উপজেলা চেয়ারম্যানকে জানিয়েছি। তবে ঘটনাটি ইউপি চেয়ারম্যান ও সমাজসেবা অফিসের লোকজন ঘটিয়েছেন।’