ভাতার টাকা বিতরণে অনিয়ম, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ শমসের আলীর বিরুদ্ধে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলা এবং প্রতিবন্ধীদের ভাতার টাকা বিতরণে অনিয়মের প্রমাণ মেলায় মামলা হয়েছে।

জেলা প্রশাসনের সুপারিশের চার দিন পর সরকারের সমাজসেবা বিভাগ গত শনিবার রাতে বাগেরহাট মডেল থানায় মামলাটি দায়ের করে। মামলার বাদী হয়েছেন সমাজসেবা অধিদপ্তরের বাগেরহাট সদর উপজেলা কর্মকর্তা আবুল মোকাররম মো. ফজলে এলাহী।

বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক মো. এনায়েত হোসেন বিকেলে বলেন, ‘আমরা মামলাটি নথিভুক্ত করে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনের (দুদকের) খুলনা জেলা সমন্বিত কার্যালয়ে পাঠিয়েছি।’

ইউনিয়নের ১১৯ জন বয়স্ক, ১০৫ জন বিধবা এবং ৬২ জন প্রতিবন্ধীর মাঝে ভাতার অর্থ বিতরণের সময় ভাতাভোগীদের কাছ থেকে ২০০ থেকে ২৫০ টাকা নেওয়ার অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলীর বিরুদ্ধে। ২১ মার্চ প্রথম আলোয় ‘ইউপি চেয়ারম্যান কয়েকজন ভাতাভোগীর টাকা ফেরত দিয়েছেন’ এ-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের দিনই জরুরি সভা করে তিন মাসের ছুটিতে যান গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলী। ওই সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শেখ শহিদুল ইসলামকে।

অন্যদিকে প্রশাসনের তদন্তে ভাতা বিতরণের সময় ইউপি চেয়ারম্যানের টাকা নেওয়ার বিষয়টির প্রমাণ মেলায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে তা এখনো জানা যায়নি।

বাগেরহাট সমাজসেবা অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা আবুল মোকাররম মো. ফজলে এলাহী বলেন, জেলা প্রশাসনের সুপারিশ অনুযায়ী গোটাপাড়া ইউপির চেয়ারম্যান শেখ শমসের আলীর বিরুদ্ধে ৪২০ ও ৪০৯ দণ্ডবিধিতে মামলাটি করা হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে তাঁর ইউনিয়নের অসহায় দুস্থ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী কার্ডধারীর ন্যায্য প্রাপ্য থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠায় সমাজসেবা বিভাগ তদন্ত করে। প্রাথমিক তদন্তে টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। আমরা ৪ জন গ্রাম পুলিশের সদস্য ও ১০ জন কার্ডধারী ভাতাভোগীর লিখিত জবানবন্দি গ্রহণ করেছি। এ ছাড়া আরও ১৭ জন ভাতাভোগীও সাক্ষ্য দিয়েছে। আমরা তা এই মামলায় উল্লেখ করেছি।’