ভাতিজাকে ডাকাত সাজিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল ইসলাম নামের এক তরুণকে ডাকাত সাজিয়ে তাঁর চাচা ও চাচাতো ভাইয়েরা হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুবারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুবারিয়া গ্রামের আবদুল হামিদের ছেলে নজরুল ইসলামের (২৩) সঙ্গে তাঁর চাচা আবদুল কাদিরের বিরোধ চলছিল। গত শুক্রবার রাত ১০টায় নজরুল ও তাঁর বন্ধু রাসেল মিয়া বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় তাঁর চাচা কাদির, চাচাতো ভাই ইব্রাহিমসহ কয়েকজন তাঁদের জোর করে ধরে তাঁর (কাদির) বাড়িতে নিয়ে যান। সেখানে নেওয়ার পর বাড়িতে ডাকাত এসেছে বলে তাঁরা চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন ছুটে গিয়ে দেখতে পান, কাদিরসহ বেশ কয়েকজন নজরুল ও রাসেলকে ডাকাত বলে শাবল দিয়ে পেটাচ্ছেন।
আবদুল কাদির মুঠোফোনে শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানান, তাঁর বাড়িতে ডাকাত ঢুকেছে। চেয়ারম্যান সঙ্গে সঙ্গে চুনারুঘাট থানা পুলিশকে অবহিত করেন। পরে কাদির তাঁর ছেলে ইব্রাহিমসহ কয়েকজন গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে আহতদের চুনারুঘাট থানায় নিয়ে যান। এ সময় চুনারুঘাট থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুদীপ নজরুল ও রাসেলের অবস্থা গুরুতর দেখে তাঁদের গ্রহণ করেননি। তখন কাদির ও তাঁর লোকজন তাঁদের নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথে নজরুল মারা যান। এ অবস্থায় তাঁরা নজরুলের লাশ হাসপাতালে না নিয়ে বাড়িতে নিয়ে আসেন এবং আঙিনায় ফেলে পালিয়ে যান। রাসেল মিয়াকে তাঁর স্বজনেরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। পুলিশ গতকাল নজরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
নজরুলের বাবা আবদুল হামিদ হজ পালন শেষে মক্কায় অবস্থান করছেন। তাঁর মা বেগম খাতুন অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাঁর একমাত্র ছেলেকে কাদের ও ইব্রাহিম হত্যা করেছেন। এ বিষয়ে কথা বলার জন্য আবদুল কাদিরের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, নজরুলকে ডাকাত সাজিয়ে তাঁর আপন চাচা ও চাচাতো ভাই পিটিয়ে হত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে প্রমাণ পেয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।