ভাতিজাকে বাঁচাতে প্রাণ গেল চাচার?
বগুড়ার ধুনট উপজেলায় ভাতিজাকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের মারধরের শিকার হয়ে আবদুর রশিদ (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের বড়বিলা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রশিদ ওই গ্রামের আবেদ আলীর ছেলে। তিনি ভিক্ষা করে চার সদস্যের পরিবার চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে কাজিপুর উপজেলার পরানপুর গ্রামের জহুরুল ইসলাম নামের এক ব্যক্তির অটোভ্যানের চারটি ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় গতকাল রাত আটটার দিকে ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম ও তাঁর লোকজন আবদুর রশিদের ভাতিজা নুরুল ইসলামকে (২৩) আটক করে সালিস বৈঠকে বসে। এরপর নুরুলকে মারধর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়।
পরে আবদুর রশিদ ঘটনাস্থলে গিয়ে ভাতিজাকে রক্ষা করার চেষ্টা করেন। একপর্যায়ে রফিকুল ইসলাম ও তাঁর লোকজন আবদুর রশিদকে কিল, ঘুষি, লাথি মারতে থাকে। পরিবারের অভিযোগ, মারধরের হাত থেকে পালাতে গিয়ে কাছের একটি রাস্তার ওপর তাঁর মৃত্যু হয়। গতকাল দিবাগত রাত দুইটার দিকে পুলিশ সেখান থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহত ব্যক্তির ছেলে আবদুল মেজের বলেন, ‘মিথ্যা চুরির অভিযোগে আমার চাচাতো ভাইকে মারধর করা হচ্ছিল। এ ঘটনার প্রতিবাদ করায় ইউপি সদস্য রফিকুল ইসলাম ও তাঁর লোকজন আমার বাবাকে কিল, ঘুষি, লাথি মেরে হত্যা করেন।’ এ বিষয়ে থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।
অভিযুক্ত ইউপি সদস্য রফিকুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। একপর্যায়ে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
আজ সোমবার সকালে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) সনাতন চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, প্রতিপক্ষের মারধরে আবদুর রশিদ মারা গেছেন বলে শোনা গেছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। মামলা হলে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।