ভাতিজাকে বেড়াতে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি চাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণ
প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় ভাতিজাকে বেড়াতে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করেছেন চাচা। পরে পুলিশ অভিযান চালিয়ে ভাতিজাকে উদ্ধার করেছে। এই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাচাকে। গ্রেপ্তারের পর আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানো ওই চাচার নাম সম্রাট হোসেন (২০)। তিনি উপজেলার জয়শিং গ্রামের মিন্টু মণ্ডলের ছেলে। আর উদ্ধার হওয়া ওই কিশোরের নাম মনিরুজ্জামান (১৬)। সে একই গ্রামের তসলিম মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিশোর মনিরুজ্জামানের প্রতিবেশী চাচা হলেন সম্রাট হোসেন। গত শনিবার বিকেলে মোটরসাইকেলে তুলে ভাতিজাকে উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজারে বেড়াতে নিয়ে যান সম্রাট। মোটরসাইকেলে ঘুরতে ঘুরতে মনিরুজ্জামানকে উপজেলার এলাঙ্গী বাজার এলাকার ফাঁকা মাঠে নিয়ে যান তিনি। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন সম্রাটের মামাতো ভাই রাঙ্গামাটি গ্রামের জাকারিয়া (২২) ও রুহুল (২০)। সন্ধ্যায় মনিরুজ্জামানের মুঠোফোন থেকে তাঁর বাবাকে ফোন করে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন তাঁরা। সেই সঙ্গে দুই ঘণ্টার মধ্যে আরও দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়।

পরে পুলিশ ওই দিন রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত সম্রাট হোসেনকে আটক করে। এ ঘটনায় রোববার রাতে মুনিরুজ্জামানের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে সেই মামলায় সম্রাটকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে সম্রাট হোসেন বলেন, ‘আমি মনিরুজ্জামানকে নিয়ে ছবি তুলতে এসেছিলাম। এ খবর পেয়ে জাকারিয়া ও রুহুল এসে আমাদের দুজনকে আটকে রেখে মনিরুজ্জামানের বাবার কাছে মুক্তিপণ দাবি করে। তারা এ ধরনের ঘটনা ঘটাবে, তা আমার জানা ছিল না।’

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মণ বলেন, প্রাথমিক তদন্তে কিশোরকে আটক রেখে মুক্তিপণ দাবির ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।