ভাতিজাদের হাতে চাচা খুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক কৃষককে ভাইয়ের ছেলেরা খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার পারকৃষ্ণপুর মদনা গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম রহমত উল্ল্যাহ (৫৫)। বাধা দিতে গিয়ে আহত হন তাঁর স্ত্রী আমেনা বেগম (৪৮)।
পুলিশ ও গ্রামবাসী সূত্রের ভাষ্য, পারকৃষ্ণপুর মদনা গ্রামে দুই শতক জমি নিয়ে দুই ভাই আবুল কাশেম ও রহমত উল্ল্যাহর মধ্যে বিরোধ চলছিল। ২০১৩ সালের ১৪ ডিসেম্বর বিরোধপূর্ণ জমি থেকে বাঁশ কাটার কারণে কৃষক আবুল কাশেম নিহত হন। ওই ঘটনায় রহমত উল্ল্যাহর ছেলেদের আসামি করে থানায় মামলা করা হয়। ওই খুনের ঘটনাকে কেন্দ্র করে গতকাল দুপুরে আবুল কাশেমের দুই ছেলে ফরজ আলী ও ইদ্রিস আলী চাচার সঙ্গে ঝগড়া করে। একপর্যায়ে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে রহমত উল্ল্যাহকে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় বাধা দিতে গিয়ে তাঁর স্ত্রী আমেনা গুরুতর আহত হন। তাঁকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাতিজা আত্মগোপন রয়েছেন।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, বিরোধপূর্ণ জমির কারণে এই খুনের ঘটনা ঘটতে পারে।