ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু হয়েছে। গত রোববার সকালে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো. নাছির (৪০)। হত্যাকাণ্ডের পর থেকে ভাতিজা মো. সজীব পলাতক রয়েছেন। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুর রউফ প্রথম আলোকে জানান, চান্দগাঁও এলাকায় মাস্টারবাড়িতে পাশাপাশি ঘরে থাকতেন চাচা-ভাতিজা। সম্পত্তি নিয়ে দুজনের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এ নিয়ে রোববার সকালেও দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চাচার পেটে ছুরিকাঘাত করেন ভাতিজা। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে সজীবকে আসামি করে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।