ভাতিজার ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

বগুড়ার কাহালু উপজেলায় বাড়ির সীমানাপ্রাচীর নিয়ে বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে চাচাকে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার জামগ্রাম ইউনিয়নের তিলচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত চাচার নাম আলতাফ হোসেন (৫৪)।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির জায়গা নিয়ে নিহত আলতাফ হোসেনের সঙ্গে তাঁর ছোট ভাই সামছুল ইসলামের বিরোধ ছিল। ঘটনার দিন সকালে বাড়ির সীমানাপ্রাচীর নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুজনের মধ্যে মারামারি শুরু হয়। ওই সময় ছোট ভাইয়ের ছেলে শাহজাহান আলীর চাকুর আঘাতে আলতাফ হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়ির সীমানাপ্রাচীর নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার চাকুর আঘাতে চাচা নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি।