ভাতিজার পিটুনিতে চাচার মৃত্যু, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার দুই ভাতিজা ও তাঁদের সহযোগীদের লাঠির আঘাতে চাচা মারা গেছেন। এ ঘটনায় গতকাল শনিবার নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার গোসাইবাড়ী শ্রীপুর গ্রামের আবদুস ছালামের (৩২) সঙ্গে দীর্ঘদিন থেকে বড় ভাই কাশেমের ছেলে মাহবুব হোসেন (২৬) ও মিজানুর রহমানের (২২) জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাত ১০টার দিকে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ভাতিজা মাহবুব, মিজানুরসহ কয়েকজন ছালামকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটান। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গতকাল সকালে নাগেশ্বরী থানার পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে গতকাল দুপুরে নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
স্থানীয় হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।