ভাতিজির বিয়েতে গুলি ছুড়ে উল্লাস আ.লীগ নেতার!

আওয়ামী লীগ নেতার বড় ভাইয়ের মেয়ের বিয়ে। গায়েহলুদের অনুষ্ঠান চলছে। লাল-নীল আলোয় সাজানো বাড়িতে সবাই গানের তালে নেচে-গেয়ে উদ্যাপন করছেন। ছোট-বড় সবাই আছে সেখানে। হঠাৎ আওয়ামী লীগ নেতা একটি শটগান ও একটি পিস্তল নিয়ে হাজির হলেন। সবার সামনেই খোলা আকাশে ছুড়লেন শটগানের গুলি।
গত মঙ্গলবার রাতে কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম তাঁর বড় ভাই সাইফুল ইসলামের মেয়ের বিয়েতে এ কাণ্ড ঘটান। গুলি ছোড়ার ওই দৃশ্য তাঁর ভাইয়ের ছেলে সাদমান আল সাকিব তাঁর ফেসবুক আইডিতে সরাসরি প্রচার (লাইভ) করেন। মঙ্গলবার রাতে ছিল গায়েহলুদের অনুষ্ঠান। বিয়ে হয়েছে গতকাল শুক্রবার।
ফেসবুক লাইভে আপলোড হওয়া দুটি ভিডিওতে দেখা গেছে, শামীমুল শটগান উঁচু করে গুলি ছুড়ছেন। এ সময় তাঁকে ঘিরে থাকা কয়েকজন তরুণ ছবি ও ভিডিও তুলছিলেন। ‘দিলাম’ বলেই গুলি ছোড়েন ওই নেতা। এরপর তরুণেরা হাসিমুখে উল্লাস করেন।
ফেসবুকে এ রকম ভিডিও চিত্র সরাসরি দেখানোর পর কয়েকজন সেখানে মন্তব্য করেন। আল-আমিন নামের একজন লেখেন, ‘এটা কোন আইনের মধ্যে পড়ে?’ জবাবে সাদমান আল সাকিব লেখেন, ‘এখানে আমরাই আইন।’
এ ব্যাপারে শামীমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অনুষ্ঠানে সবাই আনন্দ-উল্লাস করছিল। তখন থানার ওসি সাহেব ছিলেন, ইউএনও ছিলেন। আমি তো গুলি ছুড়িনি। শুধু অস্ত্র উঁচু করে দেখিয়েছি...আত্মীয়স্বজনের অনুরোধে।’
অপ্রয়োজনে খোলা জায়গায় অস্ত্র প্রদর্শন করা আইনসংগত কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো বাইরে কোথাও না, আমার বাড়ির প্রাচীরের ভেতরে। তা ছাড়া এটা লাইসেন্স করা অস্ত্র। আমি দু-দুবারের মেয়র, আবার আওয়ামী লীগের সেক্রেটারি। আমি কি বেআইনি কিছু করতে পারি?’
তবে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মণি চাকমা ওই অনুষ্ঠানস্থলে ছিলেন না বলে প্রথম আলোকে জানিয়েছেন। ইউএনও বলেন, ‘আমি সেখানে ছিলাম না। তাঁর বৈধ অস্ত্র আছে। গুলি চালাতে পারেন, তবে কেন গুলি ছুড়েছেন, তা তিনিই বলতে পারবেন। যদি অকারণে গুলি চালিয়ে থাকেন, সে জন্য তিনি দায়ী হবেন।’
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না জানিয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিজের লাইসেন্স করা অস্ত্র শামীমুল ব্যবহার করতেই পারেন। এ ক্ষেত্রে আইন ভাঙার কোনো ব্যাপার নেই। এ নিয়ে কোনো অভিযোগও আসেনি।