ভাতিজির বিয়ের অনুষ্ঠানে শটগানের গুলি ছুড়ে উল্লাস করার ঘটনায় গত সোমবার জেলা প্রশাসকের (ডিসি) কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শামীমুল ইসলাম ওরফে ছানা।
১০ জানুয়ারি রাতে বড় ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে শটগানের গুলি ছুড়ে উল্লাস করেন মেয়র শামীমুল ইসলাম। এ দৃশ্য ফেসবুকে লাইভ করা হয়। এরপর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। ১৫ জানুয়ারি মেয়রকে কারণ দর্শানোর নোটিশ দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে সশরীরে হাজির হয়ে জেলা প্রশাসক মো. জহির রায়হানের কাছে লিখিত জবাব দেন শামীমুল ইসলাম। গুলি ছোড়ার ঘটনার পর ‘কেন তাঁর (শামীমুল) অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে না’ মর্মে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল।
লিখিত জবাবে শামীমুল ইসলাম উল্লেখ করেন, ‘আমি একটি রাজনৈতিক দলের নেতা। প্রতিপক্ষরা আমাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেয়। গত ইউপি নির্বাচনের পর থেকে আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। আমার কাছে আগে থেকেই সংবাদ ছিল আমাকে হত্যার উদ্দেশ্যে বিয়ের অনুষ্ঠানে হামলা হতে পারে। সে কারণে বিয়ের অনুষ্ঠানে আনন্দ উদ্যাপনের নামে গুলি ছুড়েছি। এখানে আতঙ্কের কোনো ঘটনা ঘটেনি।’ তিনি আরও উল্লেখ করেন, ‘গুলি ছোড়ার আগে অনুমতি নিতে হয়, এটি আমার জানা ছিল না। এ ধরনের ভুল আর হবে না।’
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান বলেন, শেষবারের মতো ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করেছেন শামীমুল ইসলাম। তিনি বলেন, কারণ দর্শানো নোটিশের জবাব পর্যালোচনা করে দু-এক দিনের মধ্যে বিষয়টি সমাধান করা হবে।