ভাতিজির শ্বশুর বাড়ির উঠানে চাচার লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় ভাতিজির শ্বশুরবাড়ির উঠান থেকে গতকাল শনিবার চাচা নূর মোহাম্মদের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
নূর মোহাম্মদের বাড়ি আনোয়ারা উপজেলার কর্ণফুলী থানার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, নূর মোহাম্মদের লাশ গতকাল সকালে তাঁর ভাতিজির ইউনিয়নের রাঙাদিয়া এলাকার শ্বশুরবাড়ির উঠান থেকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। শুক্রবার রাতে ওই বাড়ির আধা কিলোমিটার দূরে তাঁর এক ভাগনের গায়েহলুদ অনুষ্ঠান ছিল।
নূর মোহাম্মদের ছেলে শাহাব উদ্দিন বলেন, ‘আমার আব্বা রাত দুইটা পর্যন্ত আমার ফুফাতো ভাই আবদুর রহিমের গায়েহলুদের অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকে তিনি কখন, কীভাবে চাচাতো বোনের বাড়ির দিকে গেছেন, বুঝতে পারছি না।’
ভাতিজি মিনু আরা প্রথম আলোকে বলেন, ‘আমরা সবাই বিয়েবাড়িতে ছিলাম। আমার শ্বশুরপক্ষের এক আত্মীয় ভোরে ঘুম থেকে উঠে চাচার লাশ দেখেন।’
বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নোয়াব আলী বলেন, ‘মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।’
কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
গত শুক্রবার সকালে উপজেলার বটতলী এস এম আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার করা হয়।