ভাতিজির সঙ্গে সেলফি তুলতে নিষেধ করায়...
ফরিদপুরের আলফাডাঙ্গায় ভাতিজির সঙ্গে সেলফি তুলতে নিষেধ করায় চাচা ও তাঁর ছেলেকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। গতকাল সোমবার বিকেলে উপজেলার শিরগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন চাচা রেফায়েতউল্লাহ (২৬) ও ইমরান (২৫)।
তাঁদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত রেফায়েতউল্লাহ বলেন, ‘গতকাল ভাবি ও তিন ভাতিজিকে নিয়ে রিকশাভ্যানে করে চতুল ইউনিয়নের রামদেবনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলাম। শিরগ্রাম বাজারে মিষ্টি কেনার সময় ভ্যান থামানো হয়। এ সময় ওই গ্রামের হামিম (২৪), মাসুম (২২), ইয়াছিনসহ (২০) ৮-১০ জন বখাটে মোবাইল ফোন দিয়ে ভ্যানে বসা ভাতিজিদের সঙ্গে সেলফি তুলতে থাকে। ছবি তুলতে নিষেধ করলে তারা বাঁশের লাঠি দিয়ে আমাদের বেধড়ক মারধর করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল করিম বলেন, ‘সোমবার সন্ধ্যায় লিখিত অভিযোগ পেয়েছি। মামলাটি প্রক্রিয়াধীন।’