ভান্ডাররক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত কোটি টাকার চিকিৎসাসামগ্রী আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ভান্ডাররক্ষক এ কে এম ফজলুল হককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সকাল নয়টার দিকে তাঁকে সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফজুলল হকের গ্রামের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইছাকুর গ্রামে। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরের মধুমোল্লারডাঙ্গী গ্রামের বাসিন্দা।
দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় খুলনা শাখার উপপরিচালক মো. আবুল হোসেন বলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, হাসপাতাল-২ অধিশাখা বাংলাদেশ সচিবালয় ২০১৪ সালের ১৪ জুলাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য কেনা ৭ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৬৪৫ টাকার ওষুধসামগ্রী সাতক্ষীরার সবগুলো উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণের জন্য নির্দেশ দেয়। ওই বছরের ১৮ আগস্ট ওই মালামাল সাতক্ষীরা সিভিল সার্জন অফিসকে দেওয়ার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী সিভিল সার্জন অফিসের ভান্ডাররক্ষক (স্টোরকিপার) ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত ভান্ডাররক্ষক ফজুলুল হক ওই মালামাল নিজে স্বাক্ষর করে বুঝে নেন। ওই সময় সাতক্ষীরা সিভিল সার্জন হিসেবে সালেহ আহম্মেদ দায়িত্ব পালন করেন। তিনি বদলি হলে ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি উৎপল কুমার দেবনাথ সাতক্ষীরার সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। তিনি ওই সব মালামাল যথাযথভাবে উপজেলা হাসপাতালগুলোতে সরবরাহ করা হয়েছে কি না, তা জানতে চেয়ে ফজলুল হককে চিঠি দেওয়ার পাশাপাশি কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু ফজলুল হক চিঠির উত্তর কিংবা কাগজপত্র জমা না দেওয়ায় তিনি ২১ মার্চ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
২০১৬ সালের ১৯ মে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করে। তদন্ত কমিটি প্রতিবেদনে উল্লেখ করেছে যে ফজলুল হক ৭ কোটি ১০ লাখ ৪৩ হাজার ৭৪৫ টাকার মালামাল আত্মসাৎ করেছেন বলে দেখা যায়। ওই সময় সালেহ আহম্মেদ সিভিল সার্জনের দায়িত্বে ছিলেন, এ কারণে তাঁর বিরুদ্ধেও ওই মালামাল আত্মসাতে সহযোগিতার অভিযোগ আনা হয়।