ভান্ডারিয়ায় দুর্বৃত্তদের অস্ত্রের কোপে পা হারালেন যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত আল আমিন (৩২) নামের এক যুবকের বাঁ পা কেটে ফেলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর পা কেটে ফেলা হয়। আল আমিন উপজেলার মেদিরাবাদ গ্রামের আবদুল মান্নান খলিফার ছেলে।
আল আমিনের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে ভান্ডারিয়া শহরের বাসস্ট্যান্ড এলাকায় জকি খানের নেতৃত্বে কয়েকজন যুবক আল আমিনের ওপর হামলা চালায়। এ সময় তারা চাকু ও চাপাতি দিয়ে আল আমিনের দুই পা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন দ্রুত আল আমিনকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে যান। সেখান থেকে তাৎক্ষণিকভাবে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আল আমিনের এক বন্ধু জানান, বৃহস্পতিবার রাতে ঢাকার ইবনে সিনা হাসপাতালে অস্ত্রোপচার করে আল আমিনের বাঁ পায়ের হাঁটুর ওপর থেকে কেটে ফেলা হয়েছে। তিনি আরও জানান, পূর্বশত্রুতার জের ধরে ভান্ডারিয়া শহরের শাহজাহান খানের ছেলে জকি খান তাঁকে (আল আমিন) কুপিয়ে জখম করেছে। জকির বিরুদ্ধে ভান্ডারিয়ার সুমন হত্যা মামলাসহ থানায় কয়েকটি মামলাও রয়েছে।
ঘটনার পর থেকে জকি খান পলাতক রয়েছেন। এ কারণে এই ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম প্রথম আলোকে জানান, এ ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত আল আমিনের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি। তবে এনামুল করিম নামের এক ব্যক্তি গত মঙ্গলবার তাঁকে মারধরে অভিযোগে জকিসহ চারজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।