ভান্ডারিয়ায় অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ক্লিনিকে অস্ত্রোপচার হয়েছিল প্রসূতি নাসরিন আক্তারের (২৫)। জন্ম দিয়েছিলেন এক শিশুসন্তান। কিন্তু সন্তান জন্মের তিন ঘণ্টার মাথায় মারা গেলেন তিনি। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে প্রসূতির স্বজনেরা ক্লিনিকে ভাঙচুর চালান। পুলিশ ক্লিনিকের মালিক আবদুল আজিজ ও চিকিৎসক নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। গত মঙ্গলবার এসব ঘটনা ঘটে।
পরদিন বুধবার রাতে আবদুল আজিজ, নজরুলসহ তিনজনের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা করে নাসরিনের পরিবার। গতকাল বৃহস্পতিবার আজিজ ও নজরুলকে পিরোজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠায় পুলিশ। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার আরেক আসামি আজিজের ভাই ক্লিনিকটির পরিচালক মো. স্বপন। তিনি পলাতক বলে জানিয়েছে পুলিশ।
ভান্ডারিয়া থানার পুলিশ ও নাসরিনের পারিবারিক সূত্র জানায়, স্বামী সেলিম হাওলাদারকে নিয়ে উপজেলার মধ্য ভান্ডারিয়া গ্রামে থাকতেন নাসরিন। গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে অস্ত্রোপচারের জন্য নাসরিনকে উপজেলা সদরের শাপলা ক্লিনিকে ভর্তি করা হয়। বুধবার বেলা দুইটার দিকে ক্লিনিকের চিকিৎসক নজরুল তাঁর অস্ত্রোপচার করেন। তাঁকে সহযোগিতা করেন ক্লিনিকের মালিক উপজেলার গৌরীপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা আবদুল আজিজ। নাসরিন একটি ছেলেসন্তানের জন্ম দেন। কিন্তু বিকেল সাড়ে পাঁচটার দিকে নাসরিনের অবস্থার অবনতি ঘটে। তাঁর নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তড়িঘড়ি করে স্বজনেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসার অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে স্বজনেরা ক্লিনিকে ভাঙচুর চালাতে থাকেন। খবর পেয়ে ভান্ডারিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ক্লিনিকের মালিক ও চিকিৎসককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনাস্থলে যাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, ওই ক্লিনিকে চিকিৎসাধীন আট প্রসূতির মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর ক্লিনিকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
নাসরিনের বাবা শাহজাহান সরদার কাঁদতে কাঁদতে প্রথম আলোকে বলেন, ‘নাসরিনের দুই বছরের একটি মেয়েও আছে। এখন দুই শিশুকে কে মায়ের আদর দেবে?’
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন হাজরা বলেন, নবজাতক সুস্থ আছে। তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, ‘ওই ক্লিনিকে কোনো অবেদনবিদ নেই। শুনেছি, ক্লিনিকের মালিক আবদুল আজিজ রোগীর অ্যানেসথেসিয়া করেছেন।’
গতকাল দুপুরে পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) ওয়ালিদ হোসেন তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, চিকিৎসক নজরুলের বিরুদ্ধে নারীদের চিকিৎসা ও আলট্রাসনোগ্রাম করার নামে নিপীড়নসহ বিভিন্ন অভিযোগ আছে। এ ব্যাপারে পুলিশ তথ্য-প্রমাণ পেয়েছে। এ ঘটনায় নজরুলের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরেকটি মামলার প্রক্রিয়া চলছে।