ভান্ডারিয়ায় দুই বাড়িতে হামলা, গুলিবিদ্ধ ২
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামে গত শনিবার রাতে দুই বাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ মেরিনা বেগম (৩৬) ও তাঁর মেয়ে রোজিনা আক্তারকে (১৩) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে ২০১০ সালে ইকড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন চেয়ারম্যান আবদুল হাই হাওলাদারের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাঁর ছেলে আল আমিনকে হত্যা করে। এ বছর ১০ মে ইকড়ি বাজারের শামসুল হকের দুই ছেলে শাহাদাৎ ও সরোয়ারকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ওই সময় তাঁদের উদ্ধারে এগিয়ে এলে বাজারের নৈশপ্রহরী আবদুল রশিদ খানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত একটার দিকে ২৫ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল দরজা ভেঙে ইকড়ি গ্রামে আওয়ামী লীগ নেতা পান্না তালুকদারের বাড়িতে প্রবেশ করে মালামাল তছনছ করে। এ সময় গৃহকর্তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পাঁচটি গুলি ছুড়ে পালিয়ে যায়। আধা ঘণ্টা পর ওই দলটি এক কিলোমিটার দূরে একই গ্রামের হারুন অর রশিদের বাড়িতে গিয়ে বাইরে থেকে হারুন অর রশিদ ও তাঁর ভাই বজলুর রশিদের ঘর লক্ষ্য করে গুলি করে।
এতে বজলুর রশিদের স্ত্রী মেরিনা বেগম (৩৬) ও তাঁর মেয়ে রোজিনা আক্তার (১৩) গুলিবিদ্ধ হন। খবর পেয়ে রাত আড়াইটার দিকে ভান্ডারিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সকালে তাঁদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইকতিয়ার হাসান জানান, মেরিনা আক্তারের শরীর থেকে অস্ত্রোপচার করে পাঁচটি গুলি বের করা হয়েছে। তাঁর শরীরে আরও কয়েকটি রয়েছে। রোজিনার মাথায় গুলিবিদ্ধ হওয়ায় তার অস্ত্রোপচার করা যায়নি। অস্ত্রোপচারের জন্য তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পান্ন তালুকদার জানান, তিনি ইকড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যার উদ্দেশ্যে এসেছিল। স্থানীয় লোকজন ছুটে আসায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। হারুন অর রশিদও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বলেন, তাঁকে হত্যার জন্য স্থানীয় একটি পক্ষ ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে সন্ধ্যায় জানান, ওই দুই বাড়িতে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা হামলা চালায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহ আলম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। থানায় মামলা করার প্রস্তুতি চলছে।