ভান্ডারিয়ায় বাবা ছেলেকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ চড়াইল গ্রামে গতকাল বুধবার আবদুল হক জমাদ্দার (৪৮) ও তাঁর ছেলে তালিফ জমাদ্দারকে (১৭) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ চড়াইল গ্রামের আবদুল হকের সঙ্গে প্রতিবেশী নিজামুল হকের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। গতকাল সকালে বিরোধপূর্ণ জমিতে তালিফ জমাদ্দার কোরবানির গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এ সময় গরুকে ঘাস খাওয়ানো নিয়ে নিজামুলের সঙ্গে তালিফের বাগ্বিতণ্ডা হলে তার বাবা আবদুল হক সেখানে যান। কথা-কাটাকাটির একপর্যায়ে নিজামুল ও তাঁর ভাগনে রাসেলসহ চার-পাঁচজন ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে জখম করেন। আবদুল হকের মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা আবদুল হক ও তালিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আবদুল হকের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর থেকে নিজামুল পলাতক রয়েছেন।
এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাসেল ও সোহেল নামের দুজনকে আটক করা হয়েছে।