ভান্ডারিয়ায় বিদ্যালয় মাঠে পশুর অবৈধ হাট
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে কোরবানির পশুর হাট বসিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য বিদ্যালয়ে ক্লাস বন্ধ করে ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদেরও এই হাটে টাকা ওঠানোর কাজে ব্যবহার করা হচ্ছে।
গত মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরে শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও বিদ্যালয়ের সামনের সড়কে পশুর হাট বসেছে। এর ফলে ধাওয়া-ইকড়ি সড়ক দিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং পথচারীরা ভোগান্তিতে পড়ছেন। বিদ্যালয়ের ১০-১৫ জন ছাত্রকে হাটে টাকা ওঠানোর কাজ করতে দেখা যায়। মো. রায়হান ও নাজমুল হোসেন নামের দুই ছাত্র বলে, ‘আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি।’
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন ছাত্র বলে, বিদ্যালয়ের মাঠে কোরবানির গরুর হাট বসার কারণে গত মঙ্গলবার থেকে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। গত বছরও বিদ্যালয় ছুটি দিয়ে মাঠে পশুর হাট বসানো হয়েছিল।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুর ইসলাম বলেন, স্থানীয় সাংসদ ও মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রতিবছর ভান্ডারিয়া বাজারের ডাক নিয়ে খাজনা পরিশোধ করে দেন। এ জন্য হাটে ক্রেতা-বিক্রেতাদের কোনো খাজনা দিতে হয় না। কিন্তু বিদ্যালয়ের উন্নয়নের কথা বলে কর্তৃপক্ষ মাঠে হাট বসিয়ে প্রতিটি গরু থেকে ১০০ টাকা করে আদায় করছে।
হাট থেকে গরু কিনেছেন এমন অন্তত ১৫ জন বলেন, ভান্ডারিয়া উপজেলা সদরে হাসপাতাল মাঠসহ কয়েকটি খেলার মাঠ রয়েছে। সেখানে কোরবানির পশুর হাট না বসিয়ে বিদ্যালয়ের মাঠে হাট বসিয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এতে ক্রেতা-বিক্রেতা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উপজেলার ইকড়ি গ্রামের জসিম হাওলাদার বলেন, বিদ্যালয়ের পাকা ভবন রয়েছে। আসবাব আছে। এরপরেও বিদ্যালয়ের উন্নয়নের কথা বলে মাঠে গরুর হাট বসিয়ে টাকা আদায় করা হচ্ছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ বসু বলেন, বিদ্যালয়ের উন্নয়নের জন্য মাঠে গরুর হাট বসানো হয়েছে। কোরবানি উপলক্ষে প্রতিবছর এই হাট বসে। প্রতিটি বিক্রি হওয়া গরু থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। ওই টাকা বিদ্যালয়ের উন্নয়নে ব্যয় করা হবে। গরুর হাট বসার জন্য বিদ্যালয় ছুটি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রধান শিক্ষক নির্বাহী ক্ষমতাবলে বছরে তিন দিন সংরক্ষিত ছুটি দিতে পারেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল আলম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি সংরক্ষিত ছুটি দিতে পারে। তবে তা জরুরি ও ভালো কাজে দেওয়া উচিত। বিদ্যালয়ের মাঠে হাট বসানোর বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও রুহুল কুদ্দুস বলেন, অনুমতি ছাড়াই পশুর হাটটি বসানো হয়েছে। তবে স্থানীয় লোকজনের স্বার্থে এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।