ভাবিকে কুপিয়ে মারলেন মাদকাসক্ত দেবর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের দরাফপুর গ্রামে গতকাল সোমবার শিউলি বেগম (৩০) নামের এক গৃহবধূকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, মাদকাসক্ত দেবর আহছান উল্লা (২৩) তাঁর ভাবিকে হত্যা করেছেন। ঘটনার পর তাঁকে আটক করেছে পুলিশ।
শিউলি দরাফপুর গ্রামের অটোরিকশার চালক মো. আব্বাসের স্ত্রী।
জিরতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাঈন উদ্দিন বলেন, আহছান উল্লা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাঝেমধ্যে তিনি নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বড় ভাইয়ের অনুপস্থিতিতে আহছান ঘরে ঢুকে শিউলিকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এরপর নিজেই বাড়ির পাশের দোকানে গিয়ে লোকজনকে ঘটনাটি জানান।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান পাঠান প্রথম আলোকে বলেন, শিউলির মাথায় পাঁচটি এবং ঘাড় ও মুখে একটি করে কোপ দেওয়া হয়েছে। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আহছানকে আটক করেছে। এসআই আরও বলেন, কী কারণে আহছান তাঁর ভাবিকে খুন করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি দা জব্দ করা হয়েছে।