ভারত থেকে অনুপ্রবেশকালে ১৯ রোহিঙ্গা আটক
ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত থেকে ১৯ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। এর মধ্যে তিনজন পুরুষ, ছয়জন নারী ও ১০টি শিশু। আজ বুধবার সকাল সাতটার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মরিয়ম বেগম, আসমা খাতুন, রাশিদা খাতুন, সুমাইয়া বেগম, গুলশান আরা খাতুন, জাইনুল বেগম, মো. আলাউদ্দিন, আজিজুর রহমান ও এনায়েত আলি। শিশুদের বয়স ছয় মাস থেকে ১২ বছর।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পদ্মশাখরা বিওপি কমান্ডার সুবেদার মোশাররফ হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
আটক রোহিঙ্গাদের বরাত দিয়ে এই বিজিবি কর্মকর্তা বলেন, ২০১২ ও ২০১৪ সালে দুই দফায় এই রোহিঙ্গারা মিয়ানমার থেকে ভারতের দিল্লিতে যান। সেখানে তারা বসবাস করছিলেন। কিন্তু সম্প্রতি বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় এবং খাদ্য, বস্ত্র ও চিকিৎসা দিচ্ছে এই খবর পেয়ে তারা দিল্লি থেকে বাংলাদেশে এসেছেন। তাদের এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পদ্মশাখরা থেকে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক শরিফ এনামুল হক বলেন, আটক ব্যক্তিরা বেশ ক্লান্ত। তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।