ভারত থেকে অবৈধ পথে ফেরার সময় ৮ জন গ্রেপ্তার
ভারত থেকে অবৈধভাবে ফেরার সময় সাতক্ষীরায় আট বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার শাখরা সীমান্ত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রায়হান আলী (৪৮), রিয়াজুল ইসলাম (২৫), হামিদুল শেখ (২৬), মাকসুদুর রহমান (৪৫), আবদুর রহমান (২১), আবদুর রহিম (১৯), দেবহাটা উপজেলার নূর ইসলাম (২৭) ও জাহাঙ্গীর আলম (২৮)।
সাতক্ষীরা ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শাখরা ক্যাম্পের হাবিলদার আসাদুজ্জামান বলেন, কয়েকজন লোক শাখরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢুকেছেন—এ তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে বিজিবি সদস্যরা শাখরা এলাকা থেকে ওই আটজনকে গ্রেপ্তার করেন। পরে তাঁদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
রায়হান আলী ও রিয়াজুল ইসলাম জানান, তাঁরা কাজের জন্য চার-পাঁচ মাস আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।