ভারত থেকে গরু আনতে পদে পদে চাঁদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তের করিডর থেকে ভারতীয় অবৈধ গরু আনতে পথে পথে চাঁদা দিতে হচ্ছে ব্যবসায়ীদের। ৫০০ টাকা করে সরকারি রাজস্ব দিয়ে গরুগুলো বৈধ হওয়ার কথা। কিন্তু গরুপ্রতি ব্যবসায়ীদের প্রায় এক হাজার টাকা করে চাঁদা দিতে হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য, ব্যবসায়ী ও হাটমালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শার্শার পুটখালী, অগ্রভুলোট, গোগা ও রুদ্রপুর করিডর দিয়ে প্রতিদিন সাড়ে চার থেকে পাঁচ হাজারের মতো ভারতীয় অবৈধ গরু ইছামতী নদী পার হয়ে বাংলাদেশে আসে। এপারে আসার পরপর স্থানীয় আওয়ামী লীগের কর্মী ঘ্যানা বিশ্বাসের লোকজন গরুগুলো দখলে নেন। তাঁরা গরুর মালিকদের কাছ থেকে বিজিবির নামে গরুপ্রতি ৩০০ টাকা করে আদায় করেন। এরপর গরুগুলো পুটখালী হাটের খাটালে বেঁধে রাখেন। ওই খাটাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে স্টার এজেন্সি নামের একটি প্রতিষ্ঠানকে। স্টার এজেন্সির লোকজন প্রতিটি গরুর জন্য ৫০০ টাকা করে রাজস্ব (ভ্যাট) জমা দিয়ে গরুগুলো বৈধ করেন। কিন্তু তাঁরা গরুর প্রকৃত মালিকদের কাছ থেকে ৯৫০ টাকা করে আদায় করেন। এরপর গরুগুলো ট্রাকে ওঠানোর পর বিচালি দেওয়ার কথা বলে চার হাজার ৮০০ টাকা আদায় করেন। অথচ তাঁরা ২০০ থেকে ৩০০ টাকার বিচালি দেন। একেকটি ট্রাকে ২২ থেকে ২৪টি গরু থাকে।
স্টার এজেন্সির অংশীদার নাসিম রেজা প্রথম আলোকে বলেন, ৯৫০ টাকা নেওয়ার কারণ হলো ৪৫০ টাকা হাটের জমির মালিক ও যেখান থেকে গরু ওঠে সেখানকার জমির মালিকদের দিতে হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিজিবি ও ট্রাকের চাঁদার নামে কত টাকা তোলা হয় তা আমার জানা নেই। ওই চাঁদা না নেওয়ার জন্য অনেকবার বলেছি। কিন্তু অনেক আগে থেকে ওই টাকা নেওয়া হয়। এর ভাগ অনেক জায়গায় যায়। যে কারণে ওই টাকা তোলা বন্ধ হয় না।’
বিজিবির ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘শুনেছি আমাদের নামে টাকা নেওয়া হয়। কিন্তু আমরা কোনো টাকা নিই না। টাকা নেওয়ার সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ব্যবসায়ীরা বলেন, ঘ্যানা জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার ছত্রচ্ছায়ায় থাকেন। ঘ্যানার নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন যুবক হাট নিয়ন্ত্রণ করেন। তাঁর লোকজনই বিজিবির নামে গরুপ্রতি ৩০০ টাকা ও ট্রাকপ্রতি চার হাজার ৮০০ টাকা করে নেন।
ঘ্যানা বিশ্বাস প্রথম আলোকে বলেন, টাকা ব্যবসায়ীদের স্বার্থে খরচ করা হয়। ৩৮০ জন নৈশপ্রহরী হাট পাহারা দেন। তিনি আরও বলেন, ‘১২ লাখ টাকা খরচ করে হাটে ইট-বালু ফেলিচি। গরু রাখার বিট পাকা করিচি। চরের মাঠের রাস্তাও পাকা করা হয়েছে। তা ছাড়া টাকার ভাগ নেতাদের দিতে হয়।’
গরু ব্যবসায়ী লাল্টু ধাবক বলেন, পুটখালী থেকে সাতমাইলের ওপর দিয়ে গরুর ট্রাক নিলে শার্শার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইলিয়াস কবিরের লোকজন ৫০০ টাকা চাঁদা আদায় করেন। ট্রাকের গরু ওই হাটে নামালে ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা চাঁদা দিতে হয়।
অভিযোগ অস্বীকার করে ইলিয়াস কবির জানান, প্রতিপক্ষের লোকজন এসব কথা বলছেন। তাঁদের কিছু ছেলে বিচালি বেচাকেনা করে আয় করেন।
গরুর ব্যবসায়ীরা অভিযোগ করেন, সাতমাইলের পর নাভারণ থেকে শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের লোকজন গরুর ট্রাকপ্রতি ১০০ টাকা করে নেন। এ ব্যাপারে তাঁর বক্তব্যের জন্য একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। এ ছাড়া ট্রাক শ্রমিক ইউনিয়নের নামে ঝিকরগাছা থেকে ট্রাকপ্রতি ১০০ টাকা ও যশোর খাজুরা ট্রাকস্ট্যান্ড থেকে ৫০ টাকা চাঁদা আদায় করা হয়। মাগুরা ও ফরিদপুর থেকে পুলিশ ট্রাকপ্রতি ২০০ টাকা ও গাবতলী হাটে ৩০০ টাকা করে আদায় করে।