ভারত থেকে ফেরার পথে আটক ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে দেশে ফেরার পথে রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে গোদাগাড়ীর চর আষাঢ়িয়াদহ ইউনিয়নের ভারতীয় সীমান্ত-সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের দাবি, ভারতের বিভিন্ন কারাগারে কারাভোগ শেষে তাঁদের এই সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে।
গোদাগাড়ী উপজেলার সাহেবনগর বিজিবি ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম আটক ব্যক্তিদের বরাত দিয়ে জানিয়েছেন, আটক ব্যক্তিরা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে গিয়ে ওই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন। এরপর তাঁরা ভারতের বিভিন্ন কারাগারে কারাভোগ করেন। সেখানে তাঁদের সাজার মেয়াদ শেষ হলে সোমবার রাত দুইটার দিকে চর আষাঢ়িয়াদহ সীমান্তের বিপরীতে ভারতের চর লবণগোলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের কাঁটাতারের বেড়া পার করে পানিতে নামিয়ে দেন। সেখান থেকে বিজিবির একটি টহল দল তাঁদের আটক করে।
বিজিবির ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ বলেন, তাঁরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। তাঁদের পুলিশে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, তাঁরা ভারতে সাজা খেটেছে কি না, সে ব্যাপারে কোনো প্রমাণ নেই। আর থাকলেও সেটা ওই দেশের ব্যাপারে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁদের শাস্তি হবে।