ভারত যাওয়ার পথে ১৮ জন আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগরে অবস্থিত ডিসি ইকোপার্ক থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের মকছুদপুর উপজেলার বাগাদিয়া গ্রামের মানব মণ্ডল, গোয়াল গ্রামের কঙ্কণ সরকার, চকসি গ্রামের বিষ্ণু বৈরাগী, বাসুদেবপুরের অনিমেষ বিশ্বাস, পাটকেলবাড়ির মহানন্দ মণ্ডল, একই গ্রামের নবীন মণ্ডল, কলি গ্রামের বিলাস বাড়ৈ ও সমীরণ মল্লিক, নিশ্চিন্তর নীহার সরকার, নয়াকান্দি গ্রামের অনন্ত বৈরাগী, প্রমীলা বৈরাগী ও দলি বাড়ৈ, বাগাদিয়া গ্রামের কাকলী মণ্ডল, টিকাইডাঙ্গার শ্যামলী বিশ্বাস, জলিরপাড় গ্রামের রীনা বৈরাগী, বাটকেমারি গ্রামের হাসি ও শরিয়তপুর জেলার পালং থানার ডুংশা গ্রামের কৃষ্ণ পাল ও আলো রানী পাল।
দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাবু বাদী হয়ে গতকাল রাতেই মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে দামুড়হুদা থানার হুদাপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য শিবনগর ডিসি ইকোপার্কে কয়েকজন নারী-পুরুষ অবস্থান করছিলেন। ওই পার্ক থেকে রাতে তাঁদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা জানান, তাঁরা সবাই চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন।
দামুড়হুদা মডেল থানার ডিউটি অফিসার এসআই নাসির উদ্দিন জানান, আটককৃত ব্যক্তিদের আজ রোববার আদালতে সোপর্দ করা হবে।