ভারতীয় পণ্য জব্দ
সাভারের আমিনবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে কোস্টগার্ড পাগলা স্টেশন এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
গতকাল মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড পাগলা স্টেশনে আয়োজিত সংবাদ বিফ্রিংয়ে এ তথ্য জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী কমিশনার ইমাম গাজ্জালী। এ সময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড পাগলা স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট হাসানুর রহমান।
ইমাম গাজ্জালী জানান, সাভারের আমিনবাজার সেতুসংলগ্ন এলাকায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কোস্টগার্ড ঢাকা জোনের আওতাধীন পাগলা স্টেশন যৌথ অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তা থেকে ভারতীয় ৪ হাজার ৬৫১টি শাড়ি, ৩৩২টি থ্রি-পিস ও ২ হাজার ৪০০ কেজি সিনথেটিক ফেব্রিকস জব্দ করে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৩ কোটি ২৭ লাখ ৭৯ হাজার টাকা। পণ্যগুলো শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।