ভারতীয় ওষুধ ও কাপড় আটক
পুরান ঢাকা থেকে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, কাপড়সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন শরিফুল হোসেন (২৪)। গত রোববার দিবাগত রাতে বাবুবাজার সেতুসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের দাবি, আটক হওয়া ওষুধ ও কাপড়ের মূল্য সাড়ে ৬৪ লাখ টাকা।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (অপস) সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বাবুবাজার সেতুর পাশে আকমল খান সড়কে বিশেষ অভিযান চালানো হয়। র্যাব-১০-এর জ্যেষ্ঠ পুলিশ সুপার জিল্লুর রহমান পরিচালিত এই অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে অ্যালার্জি, শরীর মোটা করা ওষুধ, ব্যথানাশক, যৌন উত্তেজকসহ বিভিন্ন ধরনের প্রায় সাড়ে সাত লাখ পিস ওষুধ আটক করা হয়। এ ছাড়া ১৮টি প্লাস্টিকের বস্তা থেকে ৭ হাজার ৩০০ মিটার শার্টের কাপড় উদ্ধার করা হয়। এসব পণ্য পাচারের অভিযোগে ঘটনাস্থল থেকে শরিফুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।