ভারতীয় ওষুধ ও কাপড় জব্দ, আটক ১
পুরান ঢাকা থেকে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও কাপড়সহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার দিবাগত রাতে বাবুবাজার সেতুসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
র্যাবের দাবি, আটক হওয়া ওষুধ ও কাপড়ের মূল্য সাড়ে ৬৪ লাখ টাকা। র্যাব-১০ এর সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বাবুবাজার সেতুর পাশে আকমল খান সড়কে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে অ্যালার্জি, শরীর মোটা করা ওষুধ, ব্যথানাশক, যৌন উত্তেজকসহ বিভিন্ন ধরনের প্রায় সাড়ে সাত লাখ পিস ওষুধ আটক করা হয়। এ ছাড়া ১৮টি প্লাস্টিকের বস্তা থেকে সাত হাজার তিন শ মিটার শার্টের কাপড় উদ্ধার করা হয়। এসব পণ্য পাচারের অভিযোগে ঘটনাস্থল থেকে শরিফুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আরও জানান, আটক ওষুধ ও কাপড় কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শরিফুলের বিরুদ্ধে মামলা হয়েছে।