ভারতীয় চোরাকারবারি নিহতের জেরে বাংলাদেশিকে নির্যাতন

দিনাজপুরের হিলি সীমান্তে গুলিবিদ্ধ হয়ে ভারতীয় এক চোরাকারবারি নিহত হওয়ার পরদিনই এক বাংলাদেশিকে ধরে নিয়ে নির্যাতন করে পরে বাংলাদেশ অংশে ফেলে দিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার হওয়া ব্যক্তির নাম বদিউজ্জামান (৩৭)। তিনি হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুরের চুড়িপট্টি গ্রামের আবেদ আলীর ছেলে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত সদস্য ও ভারতীয় অংশে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তের ১৫০ গজের মধ্যে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করে মাইকিং করেছে উপজেলা প্রশাসন।
বিজিবি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে হিলি সীমান্তে ব্রিটন নামের এক ভারতীয় চোরাকারবারির নেতৃত্বে একটি দল জোর করে বাংলাদেশের ট্রেনে অবৈধ পণ্য ওঠানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা বাধা দিলে ব্রিটন কোমর থেকে পিস্তল বের করে বিজিবি সদস্যদের ওপর গুলি ছোড়েন। একপর্যায়ে ব্রিটনের লোকজন বিজিবির এক সদস্যকে টেনে ভারতের অংশে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভারতীয় চোরাকারবারিদের পাশাপাশি বিএসএফ সদস্যরা দূর থেকে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। বিএসএফ সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই ব্রিটন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
আজ বিএসএফের নির্যাতনের শিকার হওয়া বদিউজ্জামান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানান, হিলি সীমান্তের পার্শ্বে ফুটবল খেলার মাঠে প্রতিদিনের মতো আজ সকালেও গরু বাঁধতে যান তিনি। হঠাৎ করেই বিএসএফ সদস্যরা তাঁকে সেখান থেকে ধরে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পে নিয়ে যান। সেখানে তাঁকে তাঁরা লাঠি ও রাইফেলের বাট দিয়ে অমানুষিকভাবে পেটান। পরে সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তের কাছে তাঁকে ফেলে দিয়ে যান বিএসএফ সদস্যরা। স্থানীয় লোকজন বদিউজ্জামানকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. কামাল পারভেজ প্রথম আলোকে জানান, বদিউজ্জামানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। আঘাতের কারণে শরীরের বিভিন্ন স্থান ফুলে গেছে।
এদিকে সীমান্তে উত্তেজনা প্রশমনে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত সীমান্তের ২৮৪ মেইন পিলারের ৩৭-৩৮ পিলারের ৫০ গজ ভারতের ভেতর এ পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার, ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নাসির ঈমাম রুমি ও বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান। বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি আর পি শিং, ৯৬ পতিরাম ব্যাটালিয়নের অধিনায়ক রাজেন সুদ, হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুরেন্দর পাল।
আরও পড়ুন: বিজিবি-বিএসএফ উত্তেজনা, গুলিতে ভারতীয় চোরাকারবারি নিহত