ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড
মাদকদ্রব্য আইনে করা মামলায় ভারতীয় এক নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মঞ্জুরুল ঈমাম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামি হলেন ভারতের তামিলনাড়ু রাজ্যের ৬৭২৬ সাউথ স্ট্রিট তন্ডি রামনাথ এলাকার বারোক আলীর ছেলে সাউল হামিদ।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৭ জানুয়ারি দুপুরে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঝিকরগাছা থানার পুলিশ যশোর-বেনাপোল সড়কের হাজেরালী এলাকায় তল্লাশিচৌকি বসায়। দুপুরের দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করে ভারতীয় ওই নাগরিকের কাছে থাকা ব্যাগের ভেতর থেকে আড়াই কেজি কোকেন উদ্ধার করা হয়। এ সময় তাঁকে আটক করে মাদকদ্রব্য আইনে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়। মামলার তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় হামিদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ভারতীয় ওই নাগরিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের সাজা দেওয়া হয়েছে। বিচারক রায়ে জানিয়েছেন, এ মামলায় সাজা হচ্ছে, মৃত্যুদণ্ড। আসামি বিদেশি নাগরিক হওয়ায় সাজা কমিয়ে যাবজ্জীবন করা হলো।’