ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ৭৯ দিন পর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গ থেকে ভারতীয় নাগরিক মানিকুল শেখের (৪০) লাশ হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার ভারতীয় হাইকমিশনারের কার্যালয় ঢাকার প্রটোকল ও ওয়েলফেয়ার কর্মকর্তা অরবিন্দ শ্রীবাস্তবের কাছে সকাল সাড়ে আটটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ লাশ হস্তান্তর করে। পানিতে ডুবে ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। 


মানিকুল শেখের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণব থানার পার দেওয়ানপুর গ্রামে। তাঁর বাবার নাম কাশিম শেখ। তিনি পেশায় গরু ব্যবসায়ী। পদ্মা নদী থেকে মানিকুলের লাশ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আয়েশা জুলেখা জানিয়েছেন, পানিতে ডুবে মানিকুল শেখের মৃত্যু হয়েছে। তিনি জানান, শিবগঞ্জ থানা-পুলিশ গত বছরের ১৭ ডিসেম্বর অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তে জানা গেছে, পানিতে ডুবে মানিকুল শেখের মৃত্যু হয়। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে লাশ হিমঘরে রাখা ছিল।

আজ সকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে লাশ গ্রহণের সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন কাজী শামীম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আয়েশা জুলেখা, মামলার তদন্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) আবদুর রউফ।

এসআই আবদুর রউফ জানান, এ ঘটনায় একটি মামলা হয়। মামলাটি শিবগঞ্জ থানা-পুলিশের কাছ থেকে সিআইডিতে হস্তান্তর করা হয়। তদন্তে অজ্ঞাতব্যক্তির পরিচয় উদ্ধারের পর ভারতীয় হাইকমিশনারের কার্যালয়ে যোগাযোগ করা হয়। পরে সব আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শেষে আজ লাশ হস্তান্তর করা হয়। সদর হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে সোনা মসজিদ যাওয়ার পর বেলা ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে লাশ গ্রহণ করেন ভারতের মহদিপুর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কোম্পানি কমান্ডার টিএস হ্যাংগেল।