ভারতীয় মদসহ তিন পুলিশ বিজিবির হাতে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাল্লা সীমান্তের কাছ থেকে মদ, ফেনসিডিলসহ পুলিশের তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার রাতে ৯৩ বোতল ভারতীয় মদ, ফেনসিডিলসহ এঁদের আটক করা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে তাঁদের ছাড়িয়ে আনেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে গরুর চামড়া পাচার হতে পারে, এমন ধারণা থেকে বিজিবি সীমান্ত এলাকায় তাদের তৎপরতা বাড়ায়। গত মঙ্গলবার রাত ১০টার দিকে বাল্লা সীমান্তের (ভারতীয় সীমান্তের দেড় শ গজের ভেতরে) টেকেরঘাটে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ অফিসার্স চয়েস, ১২ বোতল রয়েল স্টেক, ৩৩ বোতল ফেনসিডিলসহ তিন ব্যক্তিকে আটক করেন বিজিবির সদস্যরা। এ সময় আটক ব্যক্তিদের একজন নিজেকে হবিগঞ্জের চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে দাবি করেন, মদগুলো তাঁরা চোরাকারবারিদের কাছ থেকে আটক করেছেন। এ নিয়ে কিছুক্ষণ বিজিবির সদস্যদের সঙ্গে আটক ব্যক্তিদের বচসা চলে। পরে তাঁদের আটক করে বিজিবি তাঁদের বাল্লা সীমান্ত ফাঁড়িতে নিয়ে আসে।
ঘণ্টা খানেক পর চুনারুঘাট থানার এসআই আবদুল মালেক গিয়ে আটক ব্যক্তিদের শনাক্ত করেন। তাঁরা হলেন, চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান, পুলিশ সদস্য (কনস্টেবল) আবুল কালাম ও কমল দে।
এ ঘটনায় ওই দিন রাত ১০টা থেকে রাত দুইটা পর্যন্ত পুলিশ ও বিজিবির দেনদরবার চলে। উভয় পক্ষই বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।
বিজিবি-৪৬ শ্রীমঙ্গল কার্যালয়ের কমান্ডিং কর্মকর্তা (সিও) লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ জানান, রাত দুইটার দিকে হবিগঞ্জ জেলা সদর থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল ইসলাম ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বাল্লা বিজিবি ক্যাম্পে যান। তাঁরা আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন—এ রকম মৌখিক আশ্বাস ও লিখিত দিয়ে ছাড়িয়ে নিয়ে যান।
বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল তারিকুল ইসলাম খান বলেন, সীমান্ত এলাকায় বিজিবি ছাড়া আর কোনো সংস্থার ঢোকার নিয়ম নেই। পুলিশ কোনো অভিযান চালাতে চাইলে বিজিবির অনুমোদন নিতে হয়। আটক ব্যক্তিরা এ নিয়ম মানেননি। তাঁরা পোশাক ও অস্ত্র ছাড়া ছিলেন।
এ বিষয়ে এএসপি নাজমুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তাঁকে পাওয়া যায়নি। তবে চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী রাতে বাল্লা বিজিবি ক্যাম্পে যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, মদ ও ফেনসিডিল আটক নিয়ে বিজিবি ও পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। পুলিশ সদস্যরাই ওই মদগুলো আটক করে। ওসির দাবি, এর সঙ্গে জড়িত এক ব্যক্তিকে তাঁরা আটক করেছেন।