ভারতে অনুপ্রবেশ করে গণপিটুনিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার শাহপুর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে গণপিটুনিতে নূর ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আবদুল মজিদ (৪২) নামের একজন আহত হন।
কুমিল্লার কটকবাজার চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে গতকাল রোববার বিকেলে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে নূর ইসলামের মরদেহ ফেরত দেওয়া হয়। তাঁর বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গাবতলী গ্রামে। আহত আবদুল মজিদের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজাপুর গ্রামে।
বিজিবির বিবিরবাজার বিওপি কমান্ডার সুবেদার মাহবুবুর রহমান বৈঠকের পর জানান, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নূর ইসলাম ও আবদুল মজিদ ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়ার সোনাপুর গ্রামে চুরির উদ্দেশে প্রবেশ করেন। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে নূর ইসলামের মৃত্যু হয়। আহত হন মজিদ। তাঁকে আগরতলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।