ভারতে অনুপ্রবেশের চেষ্টা ও মাদক বহনের দায়ে জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে চার ব্যক্তিকে জরিমানা এবং মাদক বহনের দায়ে আরেক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজহারুল ইসলাম গতকাল শনিবার সকালে এ রায় দেন।
ইউএনও আজহারুল ইসলাম জানান, অনুপ্রবেশের চেষ্টার দায়ে চার ব্যক্তির প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা আদায় করে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আর ভারতীয় মদসহ আটক আরেক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইউএনওর কার্যালয় সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার পালাহার গ্রামের রামপদ সরকারের স্ত্রী শিখা রানী, নাটোরের লালপুর উপজেলার বিরুপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে রুবেল হোসেন, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পারিতলা গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে আবু বক্কর এবং রাজশাহীর বাঘা উপজেলার হরিণা গ্রামের আকসেদ আলীর ছেলে মাহাবুবুল ইসলাম হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় হিলি আইসিপি ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ওই চার ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
অপরদিকে শুক্রবার বিকেলে বিজিবির সদস্যরা হাকিমপুর পৌর শহরের চুরিপট্টি এলাকা থেকে সাইদুল ইসলাম নামের এক ব্যক্তিকে এক লিটার ভারতীয় মদসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।
সাইদুল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোপালপুর (জিলাপিপট্টি) গ্রামের আকবর আলীর ছেলে।