ভারতে আসা-যাওয়ার পথে ঘুষ আদায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ভোমরা এবং ভারতের ঘোজাডাঙ্গা কাস্টমস ও ইমিগ্রেশন অফিসে পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে ঘুষ আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটসহ আশপাশের জেলা থেকে প্রতিদিন কয়েক শ পাসপোর্টধারী সাতক্ষীরার ভোমরা এবং ভারতের বশিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা কাস্টমস ও ইমিগ্রেশন অফিস দিয়ে যাওয়া-আসা করেন। এ সীমান্ত দিয়ে যাতায়াত করার সময় যাত্রীদের কাছ থেকে ঘুষ নেওয়াসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একজন যাত্রী বাংলাদেশ থেকে ভারতে যেতে হলে ভোমরা কাস্টমসে ১০০ টাকা এবং ইমিগ্রেশনে ৫০ টাকা দিতে হয়। আবার দেশে ফেরার সময়ও সমপরিমাণ টাকা আদায় করা হয়। তবে ভারত থেকে আসার সময় সঙ্গে পণ্য থাকলে কাস্টমসে হয়রানির পাশাপাশি অতিরিক্ত টাকা আদায় করা হয়।
একইভাবে ভারতে যাওয়ার পর প্রতিটি যাত্রীকে ঘোজাডাঙ্গা কাস্টমসে দিতে হয় ১০০ টাকা এবং ইমিগ্রেশনে ৫০ টাকা দিতে হয়। আবার ফেরার সময় ভারতের ইমিগ্রেশনে ৩০ টাকা এবং কাস্টমসে ১০০ টাকা দিতে হয়। সঙ্গে পণ্য থাকলে ভারতের কাস্টমসে তাঁদের নানাভাবে হয়রানি করা হয়।
সাতক্ষীরার কালীগঞ্জের স্বরজিত ঘোষ বলেন, ১ আগস্ট ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার ভোমরা কাস্টমসে তাঁর কাছে বাড়তি ১০০ টাকা দাবি করা হয়। এর কারণ জিজ্ঞেস করলে একজন কাস্টমস কর্মচারী বলেন, ‘এটাই নিয়ম। কিছু বোঝেন না?’ টাকা না দেওয়া পর্যন্ত তাঁকে পাসপোর্ট দেওয়া হয়নি। ভোমরা ইমিগ্রেশন থেকে তাঁর কাছে বাড়তি ৫০ টাকা আদায় করা হয়। একইভাবে ভারতের কাস্টমসে ১০০ টাকা এবং ইমিগ্রেশনে যাতায়াতের জন্য আরও ৮০ টাকা দিতে হয়েছে।
একই দিন দুপুরে ভারত থেকে ফিরছিলেন সাতক্ষীরার আইনজীবী তপন কুন্ডু ও শিক্ষক স্বপন শীল। তাঁদের কাছ থেকে ভারতের ইমিগ্রেশন ও কাস্টমস একইভাবে টাকা আদায় করেছে। অবশ্য ভোমরা ইমিগ্রেশন কর্মকর্তাদের পরিচিত হওয়ায় তাঁদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হয়নি। তবে কাস্টমস অফিসে টাকা না দেওয়ায় দুজনকে হয়রানি করা হয়েছে।
এ প্রতিবেদক ১ আগস্ট পাসপোর্ট সঙ্গে নিয়ে ভারতে যান। বাংলাদেশে তাঁর কাছে কেউ টাকা দাবি না করলেও সাতক্ষীরা শহরতলীর রিন্টু ঘোষালের কাছ থেকে ইমিগ্রেশনে বাড়তি ৫০ টাকা ও ভোমরা কাস্টমসে ১০০ টাকা বাড়তি আদায় করা হয়। তাঁর কাছে কয়েকটি ভারতের পণ্য থাকায় তাঁকে নানাভাবে হয়রানি করা হয়। ভারতের ঘোজাডাঙ্গা কাস্টমসে পরিচয় পেয়ে এ প্রতিবেদকের কাছ থেকে টাকা নেওয়া হয়নি। তবে বাংলাদেশ ও ভারতের যাত্রীদের কাছ থেকে এ প্রতিবেদকের সামনেই টাকা আদায় করা হচ্ছিল।
ভারতের ইমিগ্রেশন কর্মকর্তা স্বপন মুখার্জি জানান, তাঁদের উচ্চমহলে টাকা দিতে হয়। ইচ্ছা না থাকার পরও বাড়তি টাকা আদায় করতে হয়। তবে ভিআইপি, সাংবাদিকসহ যাঁরা পরিচয় দেন, তাঁদের কাছ থেকে টাকা নেন না।
সাতক্ষীরা ভোমরা কাস্টমসের কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, কারও কাছ থেকে জোর করে টাকা আদায় করা হয় না। কেউ খুশি হয়ে দিলে নেওয়া হয়।
ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার তারেক মাহমুদ জানান, তিনি এ স্টেশনে নতুন যোগদান করেছেন। কোনো পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হয় কি না, তা তিনি জানেন না।