ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন তিন বাংলাদেশি
ভারতে কারাভোগ শেষে আজ মঙ্গলবার তিন বাংলাদেশি দেশে ফিরেছেন। বিকেলে সাড়ে পাঁচটার দিকে ভারতে চ্যাংড়াবান্দা স্থলবন্দর অভিবাসন পুলিশ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে।
বুড়িমারী অভিবাসন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, ফিরে আসা ওই বাংলাদেশিরা হলেন পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার গ্রামের ফজর উদ্দিনের ছেলে নূর হোসেন (২৮), একই উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি গ্রামের আফছার আলীর ছেলে সাবু মিয়া (২৫) এবং একই গ্রামের আজর উদ্দিনের ছেলে মেরাজুল ইসলাম (২৬)। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর তাঁরা মুক্তি পান। তাঁরা দুই বছর থেকে আড়াই বছর পর্যন্ত সাজা ভোগ করেন। বিভিন্ন সময়ে অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে তাঁরা আটক হন।
বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন সময় বিএসএফ তাঁদের আটক করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছিল। বিভিন্ন মেয়াদে প্রত্যেকে কারাভোগ শেষে ভারতীয় চ্যাংড়াবান্দা অভিবাসন পুলিশের মাধ্যমে তাঁদের ফেরত দেয়।